চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে একজন নিহত হওয়ার ঘটনায় আহত অবস্থায় পালিয়ে রাজশাহীতে আশ্রয় নেওয়া নাজমুল করিম ওরফে নুরুলকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে রাজশাহী নগরের তেরোখাদিয়া পশ্চিমপাড়া এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
অভিযানের সময় নাজমুলের শরীরে স্যালাইন চলছিল। পরে তাঁকে স্যালাইনসহ এসআরবি-৫-এর অ্যাম্বুলেন্সে করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। এ সময় ওই বাসার ভাড়াটিয়া নারী ও নাজমুলের স্ত্রীকেও হাসপাতালে নেওয়া হয়।
নাজমুলের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পারচৌকা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় তাঁর একটি চায়ের দোকান রয়েছে। তিনি ককটেল তৈরির কারিগর হিসেবে পরিচিত। এসআরবি-৫-এর দাবি, নাজমুল নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের সঙ্গেও জড়িত।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার (২৫ নভেম্বর) দুপুরে শিবগঞ্জ উপজেলার পারচৌকা এলাকায় ককটেল তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই টমাস আলী নামে একজন নিহত হন। তিনি চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলের ব্যক্তিগত সহকারী ছিলেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তাঁদের মধ্যে নাজমুলও ছিলেন।
আহত অবস্থায় নাজমুল প্রথমে রাজশাহী নগরের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নেন। পরে তেরোখাদিয়া পশ্চিমপাড়া এলাকার পূর্বপরিচিত এক নারীর ভাড়া বাসায় আশ্রয় নিয়ে গোপনে চিকিৎসা চালিয়ে যাচ্ছিলেন। ওই বাসার মালিক রাজশাহী কলেজের ইংরেজি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক মো. আলাউদ্দিন।
বাসার ভাড়াটিয়া নারী জানান, নাজমুল তাঁদের পূর্বপরিচিত। বুধবার ক্লিনিকে চিকিৎসা নেওয়ার পর তাঁর স্ত্রী তাঁকে ওই বাসায় নিয়ে আসেন। বৃহস্পতিবার ড্রেসিং করানোর পর গ্রামের বাড়িতে চলে যাওয়ার কথা ছিল তাঁদের। তবে বৃহস্পতিবার দুপুরে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি এসে নাজমুলের শরীরে স্যালাইন লাগিয়ে দেন। সন্ধ্যার পর এসআরবি সদস্যরা বাসাটি ঘিরে অভিযান চালান।
ওই নারী আরও দাবি করেন, নাজমুল কীভাবে আহত হয়েছেন, তা তিনি জানতেন না। তবে বাসায় অবস্থানকালে নাজমুল স্বীকার করেন, বিস্ফোরণের সময় তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তাঁকে মোটরসাইকেলে করে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল বলেও জানান তিনি।
এসআরবি-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়সল ইসতিয়াক বলেন, অভিযান চালিয়ে ওই বাসা থেকে শুধু নাজমুলকে আটক করা হয়েছে। তাঁর চিকিৎসার প্রয়োজন হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশের হেফাজতে তাঁর চিকিৎসা চলবে। বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হবে। সুস্থ হলে আদালতে হাজির করা হবে।
এ ঘটনায় বিস্ফোরণের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও আটকের বিষয়েও তদন্ত চলছে।




