ছবি ভিডিও ভিডিও
সারাদেশ

বদলগাছীর ফতেজঙ্গপুর ইসলামি দাখিল মাদ্রাসায় অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ | ৩:৪৭ অপরাহ্ণ
বুলবুল আহমেদ (বুলু)
প্রতিবেদক: বুলবুল আহমেদ (বুলু)নওগাঁ প্রতিনিধিমোবাইল: ০১৭১৮৩৪৮১৯২

নওগাঁর বদলগাছী উপজেলার সদর ইউনিয়নের ফতেজঙ্গপুর ইসলামি দাখিল মাদ্রাসার উদ্যোগে অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় মাদ্রাসা প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার সভাপতি মো. মোস্তফা অলি আহমেদ রুমি চৌধুরী। এ সময় মাদ্রাসার শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।

সমাবেশে অভিভাবকদের মধ্যে বক্তব্য দেন হাফেজ মো. মুক্তার হোসেন। তিনি বলেন, আরবি ভাষা ও ধর্মীয় শিক্ষার পাশাপাশি বাংলা, ইংরেজি ও গণিত শিক্ষাও অত্যন্ত জরুরি। আধুনিক শিক্ষার সঙ্গে দ্বীনি শিক্ষার সমন্বয় ঘটাতে কওমি ও হিফজ মাদ্রাসার পাশাপাশি আলিয়া মাদ্রাসায় পড়াশোনার গুরুত্ব রয়েছে।

সমাজসেবক মো. সাঈদ আল সাহাফ বলেন,আমি এই মাদ্রাসার একজন সাবেক শিক্ষার্থী। বাংলা শিক্ষার পাশাপাশি আরবি ও ধর্মীয় শিক্ষার জন্য আলিয়া মাদ্রাসার বিকল্প নেই।তিনি শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

মাদ্রাসার সুপার মাওলানা গোফফার হোসেন অভিভাবকদের উদ্দেশে বলেন, সন্তানদের শিক্ষিত করে গড়ে তোলার দায়িত্ব শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিতভাবে পালন করতে হবে। শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, নৈতিকতা ও শৃঙ্খলার বিষয়ে অভিভাবকদের সচেতন থাকার আহ্বান জানান তিনি।

প্রধান অতিথি মাদ্রাসার সভাপতি মো. মোস্তফা অলি আহমেদ রুমি চৌধুরী বলেন, অনেক অভিভাবক সন্তানদের মাদ্রাসায় পড়াশোনা করাতে আগ্রহী হলেও আলিয়া মাদ্রাসার শিক্ষাব্যবস্থা সম্পর্কে যথাযথ ধারণা রাখেন না। অথচ আলিয়া মাদ্রাসায় বাংলা, ইংরেজি ও গণিতের পাশাপাশি কোরআন, হাদিস, ফিকহ ও আরবি শিক্ষা দেওয়া হয়। ফলে শিক্ষার্থীরা দ্বীনি শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষায়ও দক্ষতা অর্জনের সুযোগ পায়।

তিনি অভিভাবকদের প্রতি অন্তত একজন সন্তানকে আলিয়া মাদ্রাসায় ভর্তি করিয়ে দ্বীনি ও সাধারণ শিক্ষার সমন্বয়ে শিক্ষিত করে গড়ে তোলার আহ্বান জানান।

সমাবেশে বক্তারা বলেন, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষক-অভিভাবকের সম্মিলিত শক্তি শিক্ষা বয়ে আনবে সমৃদ্ধি ও মুক্তি”—এ প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

শেষে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে অভিভাবক ও সুধী সমাবেশের সমাপ্তি হয়