চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও ) জিল্লুর রহমান এ কার্যক্রমের উদ্বোধন করেন।
বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাকলাইন হোসেন,অতিরিক্ত কৃষি কর্মকর্তা হাসান আতিকুর রহমান,
উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা জেসমিন আক্তার লাবনী, এলজিইডি অফিসার, আছহাবুর রহমান, একাডেমিক সুপারভাইজার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস আসমা খাতুন,
উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রাকিব, মিঠুন দেবনাথসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও সাংবাদিক বৃন্দ।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গোমস্তাপুর এর আয়োজনে উপজেলায় মোট ৯ হাজার ৪২৫ জন কৃষক এ প্রণোদনার আওতায় সহায়তা পাবেন। এর মধ্যে সরিষা চাষে ৯ হাজার ৩০০ জন, মসুর চাষে ৭৫ জন এবং খেসারি চাষে ৫০ জন কৃষক রয়েছেন।
প্রণোদনার আওতায় সরিষা চাষের জন্য প্রত্যেক কৃষককে এক বিঘা জমির বিপরীতে ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হবে। মসুর চাষের জন্য ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার এবং খেসারি চাষের জন্য ৮ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার দেওয়া হবে।
উপজেলার ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভায় কৃষকদের মধ্যে এসব প্রণোদনা বিতরণ করা হবে। ইউনিয়ন ভিত্তিক তালিকায় গোমস্তাপুরে ১ হাজার ৩৫ জন, বাঙ্গাবাড়ীতে ১ হাজার ৩৫ জন, রাধানগরে ১ হাজার ৩৫০ জন, পার্বতীপুরে ১ হাজার ৩১৫ জন, রহনপুরে ১ হাজার ১১৫ জন, চৌডালায় ৮৩৫ জন, বোয়ালিয়ায় ৯৭০ জন, আলীনগরে ৮৬০ জন এবং রহনপুর পৌরসভায় ৯১০ জন কৃষক রয়েছেন।
কৃষি প্রণোদনা কর্মসূচির মাধ্যমে রবি মৌসুমে সরিষা, মসুর ও খেসারি ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধি, পাশাপাশি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদন খরচ কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
উল্লেখ্য, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এ কর্মসূচির আওতায় কৃষকদের বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার সরবরাহ করা হচ্ছে।



