ছবি ভিডিও ভিডিও
সারাদেশ

সরকারি চাল, গরু ও বাড়ি দেওয়ার প্রলোভন দেখিয়ে ২২ কোটি টাকা প্রতারণার অভিযোগ

প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ | ১০:০৬ অপরাহ্ণ
👤
প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদকচাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সরকারি অনুদানে স্বল্পমূল্যে চাল, গরু, মটর ও বাড়ি দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রায় ১৮ হাজার মানুষের কাছ থেকে ২০ থেকে ২২ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে।

 

এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি ও আত্মসাৎ করা টাকা ফেরতের দাবিতে বুধবার মানববন্ধন করেছেন ভুক্তভোগী ও এলাকাবাসী।

 

মানববন্ধনে বক্তব্য দেন ভুক্তভোগী আমিরুল ইসলাম, রফিকুল ইসলাম, শামিমা খাতুন, মলি খাতুন, জেসমিন খাতুন, আব্দুর রাকিব ও সজাহান আলী। বক্তারা দ্রুত অভিযুক্তদের আইনের আওতায় এনে ভুক্তভোগীদের টাকা ফেরত দেওয়ার দাবি জানান।

 

ভুক্তভোগীদের অভিযোগ, শিবগঞ্জের জাবরী, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নসিপুর, চকঝগড়ু, জামবাড়িয়া ও মহেশপুর এলাকায় সরকারি সহায়তার কার্ড দেওয়ার কথা বলে টাকা আদায় করা হয়। কার্ডপ্রতি চালের জন্য ৫ হাজার, গরুর জন্য ৩০ হাজার, মটরের জন্য ১৫ হাজার এবং বাড়ির জন্য ৬০ হাজার টাকা নেওয়া হয়েছে। এভাবে প্রায় ১৮ হাজার কার্ডের বিপরীতে ২০ থেকে ২২ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ করেন তাঁরা।

 

অভিযোগে মোসা. জেসমিন বেগম ও কামরুল হাসান মৃদুলসহ একটি চক্রের নাম উঠে এসেছে।

 

এদিকে, গত মঙ্গলবার চাল আনতে গিয়ে ওই চক্রের হাতে জিম্মি হন সাফিয়া বেগম (৫৫) ও তাঁর নাতি নিশান আলী। তাঁদের উদ্ধারে গেলে স্বজন সাহাবুদ্দিন ও সাব্বির হামলার শিকার হন। এ সময় তাঁদের কাছ থেকে ৮০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। পরে স্বজনদের উদ্ধারের জন্য আরও ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

 

এ ঘটনায় ভুক্তভোগী মো. শরিফুল ইসলাম শিবগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন। মানববন্ধনে তিনি অভিযোগ করেন, হামলার পর থেকে তাঁর মা সাফিয়া বেগমের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। অভিযুক্তরা তাঁকে অজ্ঞাত স্থানে আটকে রেখে নির্যাতন করছে বলেও দাবি করেন তিনি।

 

এ বিষয়ে বক্তব্য জানতে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনো সাড়া পাওয়া যায়নি।

 

তবে অভিযোগগুলোর বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা ও ঘটনার প্রকৃত চিত্র জানতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত প্রয়োজন।