ছবি ভিডিও ভিডিও
সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে এসআরবি-৫ এর অভিযানে এস্কাফ সিরাপ ও নগদ টাকাসহ গ্রেফতার ৩

প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ | ৭:০৩ অপরাহ্ণ
👤
প্রতিবেদক: ইমাম হাসান জুয়েলজেলা প্রতিনিধিমোবাইল: ০১৭৬৮৯৭৭৪২৮

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পৃথক দুটি অভিযান চালিয়ে ২২৪ বোতল অবৈধ মাদকদ্রব্য এস্কাফ সিরাপ, মাদক বিক্রির নগদ ১৫ লাখ ১৪ হাজার টাকা ও মোবাইল ফোনসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প। বুধবার (১৮ নভেম্বর) সকালে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ডুলিপাড়া ও নলডুবরী গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—শাহবাজপুর ইউনিয়নের ডুলিপাড়া গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে মো. খোররাম ওরফে সুমন (২৯), একই এলাকার মৃত নিবারন কর্মকারের ছেলে শ্রী প্রভাত কর্মকার (৪০) এবং নলডুবরী গ্রামের মৃত হরেন কর্মকারের ছেলে শ্রী পবন কর্মকার (৪০)। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি-৫ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে এসআরবি-৫ সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল শিবগঞ্জ থানার শাহবাজপুর এলাকায় অভিযান পরিচালনা করে। সকাল সাড়ে ৭টার দিকে ডুলিপাড়া গ্রামে খোররাম ওরফে সুমনের বসতবাড়িতে অভিযান চালিয়ে সুমন ও প্রভাত কর্মকারকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৭৩ বোতল অবৈধ এস্কাফ সিরাপ, মাদক বিক্রির নগদ ১৫ লাখ ১৪ হাজার টাকা এবং একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। এরপর সকাল ৮টা ৪০ মিনিটের দিকে একই ইউনিয়নের নলডুবরী গ্রামে দ্বিতীয় অভিযান চালিয়ে পবন কর্মকারকে তার বসতবাড়ি থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে আরও ৫১ বোতল এস্কাফ সিরাপ ও একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি-৫ জানায়, গ্রেফতার তিন আসামি ও উদ্ধার করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।