বান্দরবানে জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির অভিষেক, কেন্দ্রীয় নেতৃবৃন্দকে সংবর্ধনা এবং বান্দরবান প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সদস্যদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) দুপুর ২টায় বান্দরবান প্রেসক্লাব মিলনায়তনে জাতীয় সাংবাদিক সংস্থার বান্দরবান জেলা শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জাতীয় সাংবাদিক সংস্থার বান্দরবান জেলা শাখার সভাপতি আবুল বশর ছিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি আলমগীর গণি। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মনজুর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ-সভাপতি ও চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক আতিউর রহমান আজাদ। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের যুগ্ম সম্পাদক মো. জাফর উল্লাহ, প্রচার ও প্রকাশনা সচিব এম এম হোসাইন আহমদ, চট্টগ্রাম বিভাগীয় কমিটির আহ্বায়ক মো. নুরুল কবির, বান্দরবান প্রেসক্লাবের সহ-সভাপতি মোজাম্মেল হক এবং জাতীয় সাংবাদিক সংস্থার বান্দরবান জেলা শাখার সহ-সভাপতি মোহাম্মদ আলী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি সমাজের প্রতি গুরুত্বপূর্ণ দায়িত্ব। সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকদের জনগণের আস্থা অর্জন করতে হবে। এ জন্য সাংবাদিকদের মধ্যে পারস্পরিক ঐক্য, পেশাগত দক্ষতা ও সহযোগিতার মনোভাব আরও জোরদার করা প্রয়োজন।
তাঁরা আরও বলেন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জাতীয় সাংবাদিক সংস্থা সাংবাদিকদের কল্যাণ ও পেশাগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় সাংবাদিক সংস্থার বান্দরবান জেলা শাখার সাধারণ সম্পাদক ওবায়দুল হক এবং যুগ্ম সম্পাদক জামাল উদ্দীন ও মিনহাজুল ইসলাম সাব্বির।
এতে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় ও বিভাগীয় পর্যায়ের নেতৃবৃন্দ, বান্দরবানের স্থানীয় সাংবাদিক এবং বান্দরবান প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।



