ছবি ভিডিও ভিডিও
সারাদেশ

বান্দরবানে বিজিবির বিশেষ যৌথ অভিযানে ৯৯ রাউন্ড গোলাবারুদ উদ্ধার

প্রকাশিত: শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ | ৮:২৯ অপরাহ্ণ
👤
প্রতিবেদক: দীপংকর মল্লিকবান্দরবান প্রতিনিধি

পার্বত্য বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকায় গোপনে মজুদ রাখা ৯৯ রাউন্ড ক্ষুদ্রাস্ত্রের গোলাবারুদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৮ নভেম্বর) বান্দরবান সেক্টর ও ৬৫ বিজিবির বিশেষ যৌথ অভিযানে এসব গোলাবারুদ উদ্ধার করা হয়। পাহাড়ের ঢালে একটি বাঁশঝাড়ের মধ্যে অত্যন্ত গোপনে লুকিয়ে রাখা অবস্থায় গোলাবারুদগুলো উদ্ধার করেন অভিযানকারী বিজিবি সদস্যরা।

 

বিজিবি সূত্রে জানা যায়, ২৮ নভেম্বর বান্দরবান সেক্টরের নিজস্ব গোয়েন্দা সূত্রে তথ্য আসে, ৬৫ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকার টেন্ডুমুখ বিজিবি ক্যাম্প ও নৌপোস্টের পেছনে অবস্থিত দুর্গম পাহাড়ি এলাকায় বিপুল পরিমাণ গোলাবারুদ মজুদ করে রাখা হয়েছে। প্রাপ্ত তথ্যের গুরুত্ব বিবেচনায় দ্রুত অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।

 

এরই ধারাবাহিকতায় বান্দরবান সেক্টর কমান্ডারের নেতৃত্বে ৬৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেন, বিপিএমএস, পদাতিকের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল সন্দেহজনক পাহাড়ি এলাকায় অভিযান শুরু করে।

 

দুপুর ১টায় শুরু হওয়া অভিযানে সম্ভাব্য বিভিন্ন স্থানে দীর্ঘ সময় ধরে ব্যাপক তল্লাশি চালানো হয়। পরে বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে পাহাড়ের ঢালে একটি বাঁশঝাড়ের মধ্যে অত্যন্ত সতর্কতার সঙ্গে লুকিয়ে রাখা সর্বমোট ৯৯ রাউন্ড ক্ষুদ্রাস্ত্রের গোলাবারুদ উদ্ধার করতে সক্ষম হয় বিজিবি সদস্যরা।

 

বিজিবির প্রাথমিক ধারণা, উদ্ধারকৃত গোলাবারুদগুলো আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীর কাছে সরবরাহের উদ্দেশ্যে দুর্গম পাহাড়ি এলাকায় গোপনে মজুদ করা হয়েছিল। তবে এসব গোলাবারুদ কোথা থেকে আনা হয়েছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে।

 

বিজিবি জানায়, পার্বত্য অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ অস্ত্র ও গোলাবারুদের বিস্তার রোধ এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে নিয়মিত গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সংশ্লিষ্ট ইউনিটগুলোর মধ্যে সমন্বয় আরও জোরদার করা হয়েছে।

 

পার্বত্য বান্দরবানের দুর্গম এলাকাগুলোতে নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে বান্দরবান সেক্টর ও ৬৫ বিজিবির অভিযান ও তৎপরতা অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।