ছবি ভিডিও ভিডিও
সারাদেশ

মান্দায় ঘুষ নেয়ার অভিযোগে ইউনিয়ন ভূমি কর্মচারীকে শোকজ

প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ | ৭:২৪ অপরাহ্ণ
শামীম আনসারী
প্রতিবেদক: শামীম আনসারীনওগাঁ জেলা প্রতিনিধিমোবাইল: ০১৯৭১৭৬৭৭১৬

নওগাঁর মান্দায় ইউনিয়ন ভূমি অফিসে দরকষাকষি করে সেবা গ্রহীতার কাছ থেকে মিষ্টি খাওয়ার নামে ঘুষ নেওয়ার অভিযোগে অফিস সহায়ক রিনা পারভীনকে দর্শানোর নোটিশ (শোকজ) করা হয়েছে। আগামী সাত কর্মদিবসের মধ্যে তার কাছ থেকে লিখিত জবাব চাওয়া হয়েছে। অভিযুক্ত রিনা পারভীন মান্দা উপজেলার প্রসাদপুর-কাঁশোপাড়া ইউনিয়ন ভুমি অফিসের অফিস সহায়ক। মঙ্গলবার সেবা গ্রহীতার কাছ থেকে ঘুষ নেওয়ার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

 

জানা গেছে- মান্দা উপজেলার প্রসাদপুর-কাঁশোপাড়া ইউনিয়ন ভুমি অফিসে দালালদের নিয়ে একটি সিন্ডিকেট বলয় গড়ে উঠেছে। যেখানে খাজনা-খারিজ সহ বিভিন্ন কাজ করতে গেলে ঘুষ ছাড়া কোন কাজই হয়না। ঘুষ না দিলে সেবাগ্রহীতারা বিভিন্ন ভাবে হয়রানি শিকার হতে হয়। অবশেষে বাধ্য হয়ে ঘুষ দিয়ে কাজ করে নিয়ে জমির মালিকদের। স্থানীয়দের অভিযোগ- এ অফিসের অফিস সহায়ক রিনা পারভীন এরমাধ্যমে ঘুষ লেনদেন করেন ইউনিয়ন ভূমি উপ-সহকারি কর্মকর্তা রহিদুল ইসলাম। তিনি সবসময় ধরা ছোয়ার বাইরে থাকতেন।

 

মঙ্গলবার (২৪ নভেম্বর) উপজেলার চককোপা গ্রামের আবুল কাশেমের ছেলে জামিনুর রহমান জমির সমস্যা নিয়ে ওই ইউনিয়ন ভূমি অফিসে যান। এক পর্যায়ে তার কাছ থেকে ৩০০ টাকা নেন অফিস সহায়ক রিনা পারভীন। প্রথমে ৫০০ টাকা নেওয়া হলে পরে ২০০ টাকা ফেরত দেওয়া হয়। টাকা নেওয়ার ১ মিনিট ২০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

 

উপজেলার চককোপা গ্রামের ভুক্তভোগী জামিনুর রহমান বলেন- আমার ১৮ শতক জমি। ভূমি অফিসে খারিজ করতে গিয়ে দেখি অন্য একজন তার নামে খারিজ করেছে। গত দুই সপ্তাহ আগে বিষয়টি জানতে পেরেছি। এরপর থেকে খুব দুশ্চিন্তায় পড়েছি। পরে খারিজ বাতিল করার জন্য কার্যক্রম শুরু করা হয়। মঙ্গলবার সকালে ইউনিয়ন ভূমি অফিসে গেলে ওই আপা (রিনা পারভীন) আমাকে কাগজে একটি তথ্য লিখে দেন। এর বিনিময়ে তিনি আমার কাছ থেকে মিষ্টি খাওয়ার জন্য টাকা চান। প্রথমে তাকে ২০০ টাকা দিয়েছি। পরে আরো ১০০ টাকা চেয়ে নিয়েছে। মোট ৩০০ টাকা আমার কাছ থেকে নিয়েছে। এরপর থেকে যে ঝামেলা শুরু হয়েছে, মনে হয় তো আমি আর জমিই পাবো না।

 

অফিস সহায়ক রিনা পারভীন বলেন- কাজ করে দিলে মানুষ ১০০-২০০ টাকা বকশিস দেয়। এটা তো ঘুষের মধ্যে পড়ে না। এটা তো অপরাধ না। তারপরও আমার ভুল হয়েছে। এ ঘটনায় একটি শোকজের চিঠি পেয়েছি।

এ বিষয়ে ইউনিয়ন ভূমি উপ-সহকারি কর্মকর্তা রহিদুল ইসলাম বলেন- মঙ্গলবার আমি অফিসে ছিলাম না। পরে রিনা পারভীনের টাকা নেওয়ার বিষয়টি অবগত হয়েছি। তবে আমার বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন।

 

এ বিষয়ে মান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ বলেন- বিষয়টি অবগত হয়েছি। আগামী সাত কার্যদিবসের মধ্যে তার (রিনা পারভীন) কাছ থেকে লিখিত জবাব চাওয়া হয়েছে। এরপর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।#