নওগাঁ গণপূর্ত বিভাগের দুইটি সিসিটিভি ক্যামেরা চুরির চারদিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়নি। নিরাপত্তা প্রহরী (নাইটগার্ড) থাকার পরও চুরির ঘটনায় অফিসের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। সিসিটিভি ক্যামেরা চুরির পর থেকে অফিস চত্বরের একটি নলকুপ খুলে রাখায় পানি পাওয়া নিয়েও সমস্যায় পড়তে হয়েছে আদালত চত্বরে আসা সেবাপ্রার্থী ও সাধারণ মানুষ।
নওগাঁ গণপূর্ত বিভাগের অফিস এবং চত্বর নিরাপত্তার জন্য কয়েকটি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। গত রোববার (২২ নভেম্বর) রাত ৮ টার পর অফিসের পূর্ব ও উত্তর পাশ থেকে দুইটি সিসিটিভি ক্যামেরা চুরি হয়ে যায়। সিসিটিভি চুরির চারদিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়নি। অফিসের নিরাপত্তা প্রহরী (নাইটগার্ড) আব্দুল গফুর মন্ডল অফিসে তার নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। চুরির ঘটনা নিয়ে তিনি তার দায়িত্ব কোন ভাবে এড়াতে পারেন না।
জেলা প্রশাসকের কার্যালয়, রেকর্ড শাখা, পুলিশ সুপারের কার্যালয়, আদালত চত্বর, জেলা অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশন ভবন, মসজিদ, গণপূর্ত বিভাগ এবং জেলা ত্রাণ ও পূনর্বাসন অফিস একই প্রাচীরের মধ্যে অবস্থিত। তবে সব অফিসেও নিজেস্ব নিরাপত্তা প্রাচীর আছে। গণপূর্ত অফিসের ভবনের পূর্বপাশে একটি নলকুপ আছে। যেখানে সাপ্তাহিক ও সরকারি ছুটি ব্যতিত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ নলকুপের পানি দিয়ে মানুষ চাহিদা পুরণ করে। নলকুপের ঠিক ওপরে একটি সিসিটিভি ক্যামেরা আছে। সম্প্রতি ওই সিসিটিভি ক্যামেরা সহ উত্তর পাশের আরেকটি চুরি হয়েছে। সিসিটিভি ক্যামেরা চুরির পর থেকে নলকুপটি খুলে রাখা হয়েছে। আদালতে সেবা নিতে আসা অনেকেই পিপাসা নিবারনে জন্য নলকুপের কাছে এসে না পেয়ে ফিরে যেতে হয়েছে।
বুধবার দুপুর দেড়টার দিকে এক শিশুকে কোলে নিয়ে ওই নলকুপে আসেন গৃহবধু শ্যামলি। তিনি বলেন- আদালতে আসলে এই নলকুপের পানি পান করি। ছোট বাচ্চার যেন কোন সমস্যা না হয় এজন্য। নলকুপটি খুলে রাখায় তাকে ফিরে যেতে হয়েছে।
আদালতে চত্বরে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন দোকানদার বলেন- গণপূর্ত অফিসের নলকুপ থেকে মাঝে মধ্যে পানি নিয়ে আসা হয়। এখন নলকুপটি খুলে রাখায় বাইরে থেকে পানি নিয়ে আসতে হচ্ছে। ওই অফিসের সিসিটিভি চুরির পর থেকে পানি নিয়ে আমাদেরও সমস্যায় পড়তে হয়েছে।
অফিসের নিরাপত্তা প্রহরী (নাইটগার্ড) আব্দুল গফুর মন্ডল বলেন- বিকেলে অফিসে যায় এবং রাত ৮টার মধ্যে বাসায় চলে আসি। আবার অনেক সময় রাতে অফিসে থাকতে হয়। অফিস এবং অফিসের চত্বরে দুটোই আমার দায়িত্ব। সিসিটিভি ক্যামেরায় দেখা যায় ওইদিন বোতল হাতে করে এক ব্যক্তি নলকুপে পানি নিতে আসছিলেন। সেই ব্যক্তি সিসিটিভি ক্যামেরা চুরি করেছে। অফিসের ক্ষতি করেছে এজন্য নলকুপ খুলে রাখা হয়েছে। যে চুরি করেছে তার ছবি ভিডিওতে দেখা যাচ্ছে। রাত ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে চুরির ঘটনা ঘটেছে। এ নিয়ে আর কোন মন্তব্য করতে চাননা বলে দায়িত্ব অবহেলার দায় এড়িয়ে যান তিনি।
নওগাঁ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এ.এম.ইফতেখার মজিদ বলেন, নিরাপত্তার মধ্যেও চুরির ঘটনা ঘটছে। বিষয়টি নিয়ে খুবই দুঃখ প্রকাশ করছি এবং বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। এছাড়া নিরাপত্তা প্রহরী (নাইটগার্ড) কে জবাবদিহির আওতায় নিয়ে আসা হবে।#




