আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ২নং গোবরাতলা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মহিপুরে সর্বস্তরের জনগণের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভা করেছেন চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা মোঃ সাদিকুল ইসলাম। সভায় তিনি দুর্নীতিমুক্ত, সমৃদ্ধ ও মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
সোমবার (২৪ নভেম্বর ২০২৬) বাদ এশা মহিপুরে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ৪নং ওয়ার্ড সভাপতি মতিউর রহমান।
আসন্ন গোবরাতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন মাওলানা সাদিকুল ইসলাম।
সভায় তিনি তাঁর নির্বাচনী ভাবনা, জনসেবার লক্ষ্য ও ইউনিয়নের বিভিন্ন সমস্যা সমাধানের পরিকল্পনা তুলে ধরেন।
বক্তব্যে মাওলানা মোঃ সাদিকুল ইসলাম বলেন, “আমি রাজনীতিকে জীবিকা অর্জনের পেশা হিসেবে মনে করি না। সৎ, যোগ্য ও দুর্নীতিমুক্ত নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে রাজনীতিকে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার একটি অংশ হিসেবে মনে করি। আমি একজন আলেম ও মাদ্রাসার শিক্ষক। শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য জনসেবার কাজে নিজেকে নিয়োজিত করেছি।
তিনি আরও বলেন, সাধারণ জনগণ এখনো অনেক ক্ষেত্রে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। দুস্থ ও অসহায় মানুষের জন্য সরকারি বরাদ্দ সঠিকভাবে বণ্টন হয় না। সরকারি বিভিন্ন সেবা বিনামূল্যে পাওয়ার কথা থাকলেও অনেক ক্ষেত্রে অর্থের বিনিময়ে সেবা গ্রহণ করতে হয়। এসব অনিয়ম ও দুর্নীতি বন্ধ করে জনগণের অধিকার নিশ্চিত করতে চান তিনি।
গোবরাতলা ইউনিয়নকে দুর্নীতিমুক্ত, সমৃদ্ধ ও আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, এ লক্ষ্য বাস্তবায়নে জনগণের সার্বিক সহযোগিতা প্রয়োজন।
মাদকের ভয়াবহতা তুলে ধরে তিনি বলেন, সমাজে মাদকের আগ্রাসন দিন দিন বাড়ছে। মাদকের কারণে যুবসমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। যুবসমাজকে এ বিপর্যয় থেকে রক্ষা করতে সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার বিকল্প নেই। এ সময় তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সৎ, যোগ্য ও দুর্নীতিমুক্ত নেতৃত্ব প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
মতবিনিময় সভায় চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা মোঃ সাদিকুল ইসলামের সঙ্গে উপস্থিত ছিলেন গোবরাতলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির ও মুনসেফপুর ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মোঃ আকবর আলী!
বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা ওলামা বিভাগের অর্থ সম্পাদক ও রাজারামপুর আলিম মাদ্রাসার প্রভাষক মাওলানা মোঃ গোলাম কিবরিয়া এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।




