সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে পরিচালিত অভিযানে চলতি বছরের প্রথম ১০ মাসে ৮ কোটি ২৩ লাখ ৪৪ হাজার ৪৩১ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)। এসব অভিযানে মাদক ও চোরাচালানের সঙ্গে জড়িত ১৬ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৩০ অক্টোবর পর্যন্ত সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ২টি আগ্নেয়াস্ত্র, ৩ রাউন্ড গুলি, ১৯টি ককটেল, ৩২৬টি গবাদিপশু, ৩৮৫টি মোবাইল ফোন, ২২৬ কেজি বিড়ির পাতা, ১৬৩ কেজি বিড়ির মসলা এবং ৫ হাজার ২৯৭ প্যাকেট বিড়ি। এ ছাড়া ২৮৯ বোতল ফেনসিডিল, ৫ হাজার ৩৫ বোতল বিভিন্ন নেশাজাতীয় সিরাপ, ৩ হাজার ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৬৭৭ বোতল বিদেশি মদ, ১ কেজি ৯৬০ গ্রাম হেরোইন এবং ১৬১ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাকিব আহমেদ, পিএসসি বলেন, সীমান্ত সুরক্ষা, মাদক ও অস্ত্র চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ বন্ধে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। বিজিবি মহাপরিচালকের ‘বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’—এই ভিশন বাস্তবায়নে ব্যাটালিয়নের প্রতিটি সদস্য দৃঢ়প্রতিজ্ঞ। তিনি বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। ড্রোন ও সার্চলাইটের মাধ্যমে নজরদারি বৃদ্ধি, গুরুত্বপূর্ণ স্থানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন, তল্লাশি এবং অপরাধী চক্র শনাক্তে বিশেষ গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে অভিযান অব্যাহত রয়েছে। অধিনায়ক আরও বলেন, মাদক, অস্ত্র ও বিস্ফোরক পাচার, মানবপাচার, অবৈধ অনুপ্রবেশ এবং জ্বালানি ও ভোজ্যতেলের অবৈধ মজুদ ও সার পাচারের মতো অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি নিরলসভাবে কাজ করছে। তিনি সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা, সাংবাদিক ও সীমান্তবর্তী জনগণের সম্মিলিত সহযোগিতা কামনা করেন। বিশেষ করে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, জনসচেতনতা সৃষ্টি ও সঠিক তথ্য প্রচার সীমান্ত নিরাপত্তা কার্যক্রমকে আরও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন। উল্লেখ্য, বাংলাদেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্তের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্তের দৈর্ঘ্য ৫৪ দশমিক ০৫ কিলোমিটার।
‘সীমান্ত সুরক্ষিত থাকলে দেশ সুরক্ষিত থাকবে’—এই প্রত্যয় নিয়ে অপরাধমুক্ত, নিরাপদ ও সুশৃঙ্খল সীমান্ত গড়ে তুলতে ভবিষ্যতেও অভিযান ও নজরদারি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে ৫৩ বিজিবি।




