ছবি ভিডিও ভিডিও
সারাদেশ

১১ মাসে ১৩ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করল ১৬ বিজিবি

প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ | ৪:৩৭ অপরাহ্ণ
👤
প্রতিবেদক: মো:সামিরুল ইসলামগোমস্তাপুর উপজেলা প্রতিনিধি

নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চলতি বছরের ১১ মাসে ১৩ কোটি ২১ লাখ ৭৭ হাজার ৪৯৮ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করেছে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)। এ সময় ১৪১টি সফল অভিযানে ৫৪ জনকে আটক করা হয়েছে। জানুয়ারি থেকে ১৫ নভেম্বর ২০২৬ পর্যন্ত পরিচালিত অভিযানে এসব সাফল্য অর্জন করে সীমান্তরক্ষী বাহিনীটি।

বুধবার (১৮ নভেম্বর) নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ জেলার ১১১ দশমিক ৫ কিলোমিটার সীমান্ত এলাকায় দেশের সার্বভৌমত্ব রক্ষা, মাদক পাচার, চোরাচালান, মানবপাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে দিনরাত দায়িত্ব পালন করছে ১৬ বিজিবি। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ নভেম্বর পর্যন্ত দায়িত্বপূর্ণ এলাকায় মোট ১৫ হাজার ৫৮০টি টহল পরিচালনা করা হয়। এসব টহলের পাশাপাশি বিশেষ অভিযান চালিয়ে ১৩ কোটি টাকার বেশি মূল্যের বিভিন্ন চোরাচালানি পণ্য ও মাদকদ্রব্য জব্দ করা হয়।

জব্দ করা মাদকদ্রব্যের মূল্য ৮ কোটি ৮৩ লাখ ৪৫ হাজার ৭৭৫ টাকা। উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ৩ হাজার ১৭৩ বোতল বিভিন্ন ধরনের নেশাজাতীয় সিরাপ, ১ হাজার ৩১৮ পিস ভারতীয় ইয়াবা, ৩ কেজি ৩৪৩ গ্রাম গাঁজা, ২০ পুরিয়া গাঁজা, ৮৮ হাজার ৮১২ পিস টাপেন্টাডল ট্যাবলেট, ১ কেজি ৭৭৬ গ্রাম হেরোইন, ১ কেজি ২৯০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস), ২১ বোতল ভারতীয় মদ, ১১০ বোতল ফেনসিডিল ও ১১ লিটার বাংলা মদ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সীমান্ত দিয়ে অবৈধভাবে পুশ-ইনের অপচেষ্টা প্রতিহত করতেও বিশেষ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। ২০২৬ সালের এপ্রিল মাসে ভারতের বিধানসভা নির্বাচনের পর সীমান্ত এলাকায় পুশ-ইনের প্রবণতা বৃদ্ধি পায়। এ পরিস্থিতিতে এপ্রিল থেকে ১৫ নভেম্বর পর্যন্ত দায়িত্বপূর্ণ সীমান্তের আটটি পৃথক স্থানে বিএসএফের পুশ-ইন প্রচেষ্টা প্রতিহত করে ৮৪ জন ব্যক্তিকে অবৈধভাবে বাংলাদেশে ঠেলে দেওয়ার অপচেষ্টা ব্যর্থ করে ১৬ বিজিবি।

সীমান্ত অপরাধ প্রতিরোধে স্থানীয় জনগণের সম্পৃক্ততা বাড়াতে চলতি বছরে ৫৪০টি জনসচেতনতামূলক সভা আয়োজন করা হয়েছে। এসব সভায় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষের অংশগ্রহণে মাদক পাচার, চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ এবং নারী ও শিশু পাচারসহ বিভিন্ন সীমান্ত অপরাধ সম্পর্কে সচেতন করা হয়।

এদিকে সীমান্তবর্তী এলাকার বেকার যুবক ও স্বল্প আয়ের মানুষের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে উদ্যোগ নিয়েছে ব্যাটালিয়নটি। এর অংশ হিসেবে গত ৯ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত মোবাইল ফোন সার্ভিসিং ও রিপেয়ারিং প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে অংশগ্রহণকারীদের কারিগরি দক্ষতা বৃদ্ধির পাশাপাশি উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার সুযোগ সৃষ্টি হয়েছে।

সীমান্ত নিরাপত্তা জোরদারে নতুন বিওপি স্থাপনেও অগ্রগতি হয়েছে। ১১১ দশমিক ৫ কিলোমিটার দীর্ঘ সীমান্তে আগে মাত্র ১২টি বিওপির মাধ্যমে দায়িত্ব পালন করা হতো। নিরাপত্তা ও নজরদারি বাড়াতে নওগাঁর সাপাহার উপজেলার বৈকুণ্ঠপুর মৌজায় নতুন আদাতলা বিওপি প্রতিষ্ঠা করা হয়েছে। পাশাপাশি গানইর ও বড়তলী এলাকায় আরও দুটি নতুন বিওপির নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। শিগগিরই এসব বিওপিতে কার্যক্রম শুরু হবে।

এছাড়া সীমান্তের ঝুঁকিপূর্ণ ও চোরাচালানপ্রবণ এলাকাগুলোতে ড্রোনের মাধ্যমে আকাশপথে নজরদারি চালানো হচ্ছে। এতে সন্দেহজনক গতিবিধি শনাক্ত, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ সীমান্ত পারাপার নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখছে বিজিবি।

নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসির নেতৃত্বে এসব অভিযান ও কার্যক্রম পরিচালিত হচ্ছে।

সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালানবিরোধী অভিযান, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং সীমান্তবর্তী জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে ১৬ বিজিবি।