ছবি ভিডিও ভিডিও
জাতীয়

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮ হাজার ৫৭৮ থেকে ২৪ হাজার ২০৪ টাকা করার প্রস্তাব সিপিডির

প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ | ৪:৩৩ অপরাহ্ণ
👤
প্রতিবেদক: অনলাইন ডেস্ক

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় ও মূল্যস্ফীতি বিবেচনায় ন্যূনতম মাসিক মজুরি ১৮ হাজার ৫৭৮ টাকা থেকে ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সংস্থাটির মতে, শ্রমিকদের মৌলিক চাহিদা পূরণ এবং সম্মানজনক জীবনযাপন নিশ্চিত করতে এই মজুরি প্রয়োজন।

 

বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর ধানমন্ডিতে সিপিডির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গবেষণা প্রতিবেদনের এসব প্রস্তাব তুলে ধরা হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন সংস্থাটির সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য, অধ্যাপক মোস্তাফিজুর রহমান ও গবেষণা পরিচালক তৌফিকুল ইসলাম খান।

 

সিপিডির গবেষণায় জীবনযাত্রার ব্যয়ের ভিত্তিতে সম্ভাব্য মজুরির তিনটি স্তর নির্ধারণ করা হয়েছে। প্রথমত, ২০২৩ সালের নভেম্বরে নির্ধারিত ১২ হাজার ৫০০ টাকা মজুরির ক্রয়ক্ষমতা বর্তমান বাজারে ধরে রাখতে হলে ন্যূনতম মজুরি হতে হবে ১৬ হাজার ৩৫১ টাকা।

 

দ্বিতীয়ত, চার সদস্যের একটি পরিবারের উচ্চ দারিদ্র্যসীমার মধ্যে টিকে থাকার ন্যূনতম ব্যয় মেটাতে একজন আয়কারীর মাসিক আয় প্রয়োজন ১৮ হাজার ৫৭৮ টাকা। আর খাদ্য, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা ও অন্যান্য মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি সামান্য সঞ্চয়ের সুযোগ রেখে সম্মানজনক জীবনযাপনের জন্য প্রয়োজন ২৪ হাজার ২০৪ টাকা।

 

সংবাদ সম্মেলনে ড. নাজনীন আহমেদ বলেন, বর্তমান জীবনযাত্রার ব্যয় বিবেচনায় পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮ হাজার ৫৭৮ টাকা থেকে ২৪ হাজার ২০৪ টাকার মধ্যে নির্ধারণের প্রস্তাব করছে সিপিডি।

 

তিনি বলেন, বর্তমান অর্থনৈতিক ও বৈশ্বিক পরিস্থিতিতে মজুরি নির্ধারণে কোনো পক্ষের ওপর সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া বা সংঘাতময় প্রক্রিয়া অনুসরণ করা উচিত নয়। বরং সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত ও প্রমাণের ভিত্তিতে মজুরি নির্ধারণ করতে হবে। শ্রমিক অসন্তোষ বা আন্দোলনের মুখে তাড়াহুড়ো করে মজুরি বোর্ড গঠনের প্রচলিত প্রক্রিয়া দীর্ঘমেয়াদে সংকটের সমাধান করে না।

 

উল্লেখ্য, ২০২৩ সালের নভেম্বরে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়। এরপর চলতি বছরের অক্টোবরে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলনে নামেন শ্রমিকেরা। পরে সরকার ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন করে। বোর্ডে শ্রমিকপক্ষ ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব দিয়েছে। তবে মালিকপক্ষের সুনির্দিষ্ট প্রস্তাব এখনো পাওয়া যায়নি।

 

মজুরি নির্ধারণে দুই পক্ষের অবস্থান তুলে ধরে নাজনীন আহমেদ বলেন, উচ্চ মূল্যস্ফীতি, ব্যাংকঋণের উচ্চ সুদহার, গ্যাস-বিদ্যুতের সংকট, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে পোশাকের দরপতনের কারণে বাড়তি মজুরির চাপ বহন করা কঠিন বলে দাবি করছে মালিকপক্ষ। অন্যদিকে শ্রমিকদের দাবি, খাদ্য ও বাসস্থানের ব্যয় বেড়ে যাওয়ায় জীবনযাত্রার প্রয়োজনীয় খরচ মেটানোর মতো মজুরি নিশ্চিত করতে হবে।

 

তিনি আরও বলেন, শ্রমিকদের জীবন ধারণের উপযোগী মজুরি নিশ্চিত করা প্রয়োজন, যাতে তারা পুষ্টিমান বজায় রেখে মানবিক ও মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে পারেন।

 

পোশাক খাতে স্থায়ী শ্রমিক-শান্তি ও আন্তর্জাতিক প্রতিযোগিতা সক্ষমতা বজায় রাখতে কয়েকটি সুপারিশ দিয়েছে সিপিডি। এর মধ্যে রয়েছে, মজুরি পুনর্বিবেচনার অন্তত ছয় মাস আগে মজুরি বোর্ড গঠন, নির্ভরযোগ্য তথ্য-উপাত্তের ভিত্তিতে মজুরি নির্ধারণ এবং শ্রমিক পরিবারের প্রকৃত সদস্যসংখ্যা ও আয়কারীর সংখ্যা বিবেচনায় নেওয়া।

 

এ ছাড়া বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৪১ ধারায় উল্লেখিত ১১টি মানদণ্ড—যেমন মূল্যস্ফীতি, উৎপাদনশীলতা ও ব্যবসার সক্ষমতা—পরিমাপের জন্য সুনির্দিষ্ট পদ্ধতি প্রণয়নের সুপারিশ করেছে সংস্থাটি। আন্তর্জাতিক ক্রেতা ও ব্র্যান্ডগুলোকে ন্যায্যমূল্য দেওয়া এবং শ্রম ব্যয় বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে পণ্য সংগ্রহের নীতিতে পরিবর্তন আনার কথাও বলেছে সিপিডি।

 

সিপিডির মতে, ২০২৯ সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের প্রেক্ষাপটে ইউরোপীয় ইউনিয়নসহ প্রধান রপ্তানি বাজারে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখা জরুরি। একই সঙ্গে জিএসপি প্লাস সুবিধা পাওয়ার প্রস্তুতি হিসেবে পোশাক কারখানায় শোভন কর্মপরিবেশ ও শ্রমিকদের জীবনধারণের উপযোগী মজুরি নিশ্চিত করতে হবে।