গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপির নেতাকর্মীদের বাড়িঘর ও দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। একই সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ তুলে এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।
বুধবার (১৮ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন রাশেদ খাঁন।
পোস্টে তিনি উল্লেখ করেন, টুঙ্গিপাড়ায় নাশকতামূলক কর্মকাণ্ডের কারণে গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি, চিকিৎসা, ব্যাংকিং, আইনি, পুলিশি ও শিক্ষাসেবা সরবরাহ কঠিন হয়ে পড়েছে। সামনে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহও বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। নিরাপত্তাহীনতার কারণে ব্যবসায়ীরা শপিংমল ও দোকানপাট খোলা রাখতেও সাহস করবেন না বলে মন্তব্য করেন।
রাশেদ খাঁন আশঙ্কা প্রকাশ করে বলেন, এ পরিস্থিতি অব্যাহত থাকলে টুঙ্গিপাড়ায় ১৯৭৪ সালের দুর্ভিক্ষের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যেই আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে ক্ষোভ সৃষ্টি হবে বলে মন্তব্য করেন তিনি।
এ প্রসঙ্গে তিনি লেখেন, ‘ভাত দে হারামজাদা, নইলে তোদের শেখ হাসিনাকে ফিরিয়ে আনার স্বপ্নের গুষ্টি মারব।’
বিএনপি সরকার হতাহতের রাজনীতিতে বিশ্বাস করে না উল্লেখ করে রাশেদ খাঁন বলেন, গুম, খুন, ক্রসফায়ার ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে বিএনপি দীর্ঘ ১৬ বছর সংগ্রাম করেছে। তাই টুঙ্গিপাড়ার পরিস্থিতি ধৈর্যের সঙ্গে মোকাবিলা করতে হচ্ছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের কর্মকাণ্ড প্রতিরোধে স্থানীয় সাধারণ মানুষকেই এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় এনসিপির নেতাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এপিসি থেকে উদ্ধার করতে গিয়েও হতাহতের ঘটনা ঘটেছিল। তবে বছরের পর বছর হতাহতের ঘটনা ঘটিয়ে কোনো স্থায়ী সমাধান সম্ভব নয়।
রাশেদ খাঁনের মতে, টুঙ্গিপাড়ার পরিস্থিতির সমাধান স্থানীয় মানুষের মধ্য থেকেই খুঁজে বের করতে হবে। সাধারণ মানুষ দুর্ভোগের শিকার হলে তারাই আওয়ামী লীগের নেতাকর্মীদের কথিত নাশকতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবেন।
সরকার কঠোরভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে গেলে হতাহতের ঘটনা ঘটতে পারে উল্লেখ করে তিনি আশঙ্কা প্রকাশ করেন, এমন পরিস্থিতিকে কেন্দ্র করে দেশে-বিদেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ তুলে রাজনৈতিক প্রচার চালানো হতে পারে। এ কারণে আওয়ামী লীগের কর্মকাণ্ড রাজনৈতিকভাবে মোকাবিলার পক্ষে মত দেন তিনি।
এ সময় বিরোধী দলের প্রতি ‘লংমার্চ টু টুঙ্গিপাড়া’ কর্মসূচি ঘোষণার আহ্বান জানান রাশেদ খাঁন। এমন কর্মসূচিকে তিনি সমর্থন ও সাধুবাদ জানাবেন বলেও উল্লেখ করেন।
পোস্টের শেষাংশে তিনি প্রশ্ন তোলেন, টুঙ্গিপাড়ায় কেন শুধু বিএনপির নেতাকর্মীদের বাড়িঘর ও দলীয় কার্যালয়ে আগুন দেওয়া হচ্ছে, অথচ জামায়াতের কার্যালয় এবং নেতাকর্মীদের বাড়িঘর অক্ষত রয়েছে?



