ছবি ভিডিও ভিডিও
বিনোদন

‘জামায়াতে থাকলে লাউডস্পিকারে হিন্দি গান বাজিয়ে নাচতেও পারতাম’: মেঘনা আলম

প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ | ৪:২৬ অপরাহ্ণ
👤
প্রতিবেদক: অনলাইন ডেস্ক

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের মতামত ও ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই সরব মেঘনা আলম। এবার বিএনপি ও জামায়াতকে ঘিরে ব্যঙ্গাত্মক মন্তব্য করে নতুন আলোচনার জন্ম দিয়েছেন তিনি। তার এই ফেসবুক পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা-সমালোচনা।

 

মঙ্গলবার (১৭ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে মেঘনা আলম বিএনপি ও জামায়াত প্রসঙ্গ টেনে অতীতে তাকে নিয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন বিতর্ক ও ভুয়া তথ্যের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।

 

পোস্টে বিদ্রূপের সুরে তিনি লেখেন, ‘আসলে ভুল দলে যোগ দিয়েছি। বিএনপিতে না এসে জামায়াতে যোগ দিলে, আমার বিকিনি পরা ছবিতেও ‘পবিত্র হৃদয় ও প্রতিভাবান’ লিখত! সাবেক সৌদি রাষ্ট্রদূতের দ্বিতীয় স্ত্রী প্রমাণের জন্য প্রয়োজনীয় কাগজপত্রও সৌদি আরব থেকে জোগাড় করে আনত!’

 

এরপর নিজের সম্পর্কে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও তথাকথিত স্ক্যান্ডাল নিয়ে আক্ষেপ প্রকাশ করে তিনি আরও লেখেন, ‘মাঝেমধ্যে আমাকে নিয়ে চারপাশে এত ভুয়া তথ্য ছড়াতে দেখে খারাপ লাগে। অথচ জামায়াতে থাকলে হয়তো লাউডস্পিকারে হিন্দি গান বাজিয়ে মন খুলে নাচতেও পারতাম!’

 

রাজনৈতিক দল, ব্যক্তিগত ছবি এবং নিজের জীবন নিয়ে ছড়িয়ে পড়া নানা গুঞ্জনকে কেন্দ্র করে মেঘনা আলমের এমন ব্যঙ্গাত্মক মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিতর্কের সৃষ্টি করেছে।

 

সরাসরি প্রতিবাদ না করে বিদ্রূপের মাধ্যমে নিজের ক্ষোভ ও অবস্থান তুলে ধরেছেন তিনি। তার এই মন্তব্যকে ঘিরে নেটিজেনদের মধ্যে চলছে আলোচনা ও পাল্টাপাল্টি প্রতিক্রিয়া।