গোপালগঞ্জের কাশিয়ানীতে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই সময়ে গ্রামীণ ব্যাংকের কাশিয়ানী উপজেলা শাখায়ও ভাঙচুর চালিয়ে গুরুত্বপূর্ণ কাগজপত্রে আগুন দেওয়া হয়। এ ছাড়া উপজেলার কয়েকটি দোকানেও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
বুধবার (১৮ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় এসব ঘটনা ঘটে।
স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এসব হামলা ও ভাঙচুরের সঙ্গে জড়িত।
উপজেলা বিএনপির সভাপতি মোস্তফা মোল্লা জানান, বুধবার বেলা ১১টার দিকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কিছু নেতাকর্মী হঠাৎ এসে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে হামলা চালায়। এ সময় তারা কার্যালয়ের সামনে অগ্নিসংযোগ করে।
এদিকে, একই এলাকায় গ্রামীণ ব্যাংকের কাশিয়ানী উপজেলা শাখায় হামলা চালিয়ে ভাঙচুর করা হয় এবং কার্যালয়ের বিভিন্ন কাগজপত্রে আগুন দেওয়া হয়। পাশাপাশি কয়েকটি দোকানেও ভাঙচুরের ঘটনা ঘটে।
এ বিষয়ে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. সাজেদুর রহমান বলেন, বাসস্ট্যান্ড এলাকায় ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে তিনি শুনেছেন।
তবে এসব ঘটনার সঙ্গে জড়িতদের পরিচয় ও হামলার প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরবর্তী পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন স্থানীয়রা।



