ছবি ভিডিও ভিডিও
সারাদেশ

বারহাট্টায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ

প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ | ৪:২০ অপরাহ্ণ
👤
প্রতিবেদক: অনলাইন ডেস্ক

নেত্রকোনার বারহাট্টায় বিএনপির মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই দলটির একটি ইউনিয়ন কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) গভীর রাতে উপজেলার ৫ নম্বর চিরাম ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে এ আগুন দেওয়ার ঘটনা ঘটে। কার্যালয়টি চিরাম ইউনিয়নের বামনগাঁও এলাকায় অবস্থিত।

 

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় বিএনপির উদ্যোগে আয়োজিত একটি মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিএনপির নেতারা বক্তব্য দেন। ওই কর্মসূচি শেষ হওয়ার কয়েক ঘণ্টা পর আনুমানিক রাত ৩টার দিকে চিরাম ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে আগুন লাগার ঘটনা ঘটে।

 

খবর পেয়ে বারহাট্টা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় থানা পুলিশের সদস্যরাও ঘটনাস্থল পরিদর্শন করেন।

 

এ ঘটনায় চিরাম ইউনিয়ন যুবদলের সভাপতি মহসিন মিয়া অভিযোগ করে বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের দোসররা এ অগ্নিসংযোগের সঙ্গে জড়িত। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানান।

 

অন্যদিকে, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমল বলেন, রাতের আঁধারে আওয়ামী লীগের দুষ্কৃতিকারীরা এ আগুন লাগিয়েছে। উপজেলা বিএনপি সার্বক্ষণিক মাঠে রয়েছে এবং তাদের প্রতিহত করা হবে।

 

তবে অগ্নিসংযোগের ঘটনায় এখন পর্যন্ত কাউকে শনাক্ত বা গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়নি। ঘটনার কারণ ও জড়িতদের বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে তা বিস্তারিত জানা যাবে।