ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের টঙ্গী গাজীপুরা এলাকায় শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শ্রমিকদের লক্ষ্য করে একাধিক সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। এ ঘটনায় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। সংঘর্ষের পর আশপাশের অন্তত ১৫টি পোশাক কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
বুধবার (১৮ নভেম্বর) বেলা ১১টার দিকে টঙ্গীর গাজীপুরা এলাকায় হোপলোন গার্মেন্টসের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ছয়দানা ও বড়বাড়ি এলাকায় শ্রমিকরা সড়ক অবরোধ করে পুলিশের একটি গাড়িতে আগুন দেন। পরে তারা টঙ্গীর গাজীপুরা এলাকায় হোপলোন গার্মেন্টসের সামনে মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
পুলিশের দাবি, শ্রমিকরা তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ পাল্টা কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে মহাসড়ক থেকে সরে যান। সংঘর্ষের কারণে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
এদিকে, সংঘর্ষের পর হোপলোন গার্মেন্টস, স্যাটার্ন টেক্সটাইল লিমিটেড, মাসকো কটন ও টিজে সোয়েটারসহ গাজীপুরের আশপাশের অন্তত ১৫টি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, শ্রমিকরা পুলিশের ওপর আক্রমণ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। বর্তমানে টঙ্গীর পরিস্থিতি শান্ত রয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) বেলায়েত হোসেন বলেন, পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শ্রমিকদের সঙ্গে আওয়ামী লীগের লোকজনও যুক্ত হয়েছে বলে অভিযোগ করেন তিনি।



