কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে যানবাহনসহ বিপুল পরিমাণ মোবাইলের ডিসপ্লে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৬২ লাখ টাকা বলে জানানো হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২০ নভেম্বর দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে (২৩০০ ঘটিকা) এ অভিযান চালানো হয়। চৌদ্দগ্রাম থানার আওতাধীন শিবেরবাজার বিওপি’র একটি টহলদল সীমান্ত থেকে প্রায় ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চৌয়ারা এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় যানবাহনসহ বিপুল সংখ্যক মোবাইলের ডিসপ্লে জব্দ করা হয়।
বিজিবি জানিয়েছে, আটককৃত চোরাচালানী মালামালের বিষয়ে প্রচলিত বিধি মোতাবেক প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।



