দুই দশকের বিরামহীন প্রচারে যৌতুককে সামাজিক আন্দোলন থেকে রাষ্ট্রীয় নীতির টেবিলে তুলে আনার দাবি।
বাংলাদেশের সমাজ থেকে যৌতুকের মতো অভিশাপ দূর করতে দীর্ঘ প্রায় দুই দশক ধরে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও ধর্মীয় বক্তা আল্লামা আবুল কাশেম নূরী।
ওয়াজ মাহফিল, সামাজিক সভা, যৌতুকবিরোধী মহাসমাবেশ ও সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে যৌতুক ও মাদকের বিরুদ্ধে জনমত গঠনে তিনি ধারাবাহিক ভূমিকা রেখে চলেছেন।
‘বিলুপ্ত’ আহলে সুন্নত ওয়াল জামায়াত একাংশের সাবেক মহাসচিব, আহলে সুন্নাত ওয়াল জামাআতের বর্তমান নির্বাহী চেয়ারম্যান, আঞ্জুমানে রজভীয়া সুন্নিয়া ট্রাস্ট এবং মাদক ও যৌতুক প্রথা বিরোধী আন্দোলনের চেয়ারম্যান হিসেবে তিনি দেশের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে বৃহত্তর চট্টগ্রামে অসংখ্য যৌতুকবিরোধী মহাসমাবেশ পরিচালনা করেছেন।
তাঁর প্রতিটি বক্তব্যে যৌতুকের ধর্মীয়, সামাজিক ও পারিবারিক ক্ষতিকর দিক তুলে ধরা হয়। ইসলামি শরিয়তের আলোকে যৌতুকের নামে অন্যায় দাবি ও নারী নির্যাতনের বিরুদ্ধে তিনি দীর্ঘদিন ধরে সোচ্চার।
শুধু সচেতনতা নয়, রাষ্ট্রীয় উদ্যোগের দাবি:
যৌতুকবিরোধী আন্দোলনকে শুধু ধর্মীয় ও সামাজিক সচেতনতায় সীমাবদ্ধ না রেখে রাষ্ট্রীয় পর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানিয়ে আসছেন আল্লামা নূরী।
বিভিন্ন মাহফিল ও মহাসমাবেশ থেকে তিনি বারবার সরকারের দৃষ্টি আকর্ষণ করে সংসদে যৌতুকপ্রথার বিরুদ্ধে জোরালো বিল উত্থাপন ও কার্যকর আইন প্রণয়নের দাবি জানিয়েছেন।
একই সঙ্গে তিনি তিনটি গুরুত্বপূর্ণ প্রস্তাব তুলে ধরেছেন:
ম্যারেজ ফান্ড গঠন: যৌতুকমুক্ত বিয়েকে উৎসাহিত করতে সরকারিভাবে ‘ম্যারেজ ফান্ড’ গঠন।
চাকরিতে অগ্রাধিকার: যৌতুক ছাড়া বিয়ে করা যুবকদের সরকারি চাকরিতে অগ্রাধিকার দেওয়ার নীতিগত উদ্যোগ।
বিশেষ তহবিল: অসচ্ছল ও দরিদ্র পরিবারের মেয়েদের বিয়েতে আর্থিক সহায়তার জন্য বিশেষ সরকারি তহবিল গঠন
তাঁর মতে, যৌতুকমুক্ত বিয়েকে সামাজিক আন্দোলনের পাশাপাশি রাষ্ট্রীয়ভাবে উৎসাহিত করা গেলে তরুণ সমাজের মধ্যে ইতিবাচক পরিবর্তন আসবে এবং দরিদ্র পরিবারের মেয়েদের বিয়েকে কেন্দ্র করে আর্থিক চাপ ও সামাজিক হয়রানি কমানো সম্ভব হবে।
তরুণদের প্রতি আহ্বান:
যৌতুকের কারণে নারীরা শ্বশুরবাড়িতে নির্যাতন, অবহেলা ও নানা ধরনের সামাজিক বৈষম্যের শিকার হন — এই বাস্তবতা তিনি তাঁর বক্তব্যে গুরুত্বের সঙ্গে তুলে ধরেন।
তরুণ সমাজকে যৌতুক ছাড়া বিয়ে করার শপথ ও অঙ্গীকারে উদ্বুদ্ধ করার পাশাপাশি বিয়েকে লেনদেনমুক্ত করে পারস্পরিক সম্মান, ভালোবাসা ও ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি।
সম্প্রতি মাদক ও যৌতুকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশব্যাপী আরও বৃহত্তর সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি।
সচেতন মহলের প্রত্যাশা:
সমাজের সচেতন মহলের মতে, যৌতুকের মতো সামাজিক ব্যাধি নির্মূলে ধর্মীয় ও সামাজিক সচেতনতার পাশাপাশি প্রয়োজন রাষ্ট্রীয় সদিচ্ছা, কার্যকর আইন প্রয়োগ এবং অসচ্ছল পরিবারের পাশে দাঁড়ানোর বাস্তব উদ্যোগ।
আল্লামা আবুল কাশেম নূরীর উত্থাপিত প্রস্তাবগুলো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হলে যৌতুকমুক্ত সমাজ প্রতিষ্ঠার আন্দোলন নতুন মাত্রা পেতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।




