ছবি ভিডিও ভিডিও
তথ্যপ্রযুক্তি

হোয়াটসঅ্যাপে যে ফাঁদে পড়লে খালি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট

প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর ২০২৬ | ১০:০৬ পূর্বাহ্ণ
অনলাইন ডেস্ক
প্রতিবেদক: অনলাইন ডেস্ক

স্মার্টফোন ও অনলাইন যোগাযোগের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে নতুন নতুন কৌশলে সাইবার প্রতারণার ঘটনাও বাড়ছে। এবার হোয়াটসঅ্যাপের স্ক্রিন শেয়ারিং সুবিধাকে কাজে লাগিয়ে ব্যবহারকারীদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য ও ব্যক্তিগত গোপনীয়তা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। সামান্য অসতর্কতায় আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন যে কেউ।

 

‘হোয়াটসঅ্যাপ স্ক্রিন শেয়ারিং ফ্রড’ নামে পরিচিত এ প্রতারণা নিয়ে সম্প্রতি সতর্ক করেছে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান ওয়ানকার্ড। ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, প্রতারকরা ব্যাংক কিংবা আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা পরিচয়ে গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করে।

 

প্রথমে ব্যাংক অ্যাকাউন্টে সমস্যা হয়েছে অথবা জরুরি ভিত্তিতে কিছু তথ্য যাচাই করা প্রয়োজন বলে জানানো হয়। এরপর সমাধানের কথা বলে হোয়াটসঅ্যাপে স্ক্রিন শেয়ারিং চালু করতে অনুরোধ করা হয়। ব্যবহারকারী এতে সম্মতি দিলেই তাঁর মোবাইলের পর্দায় প্রদর্শিত বিভিন্ন তথ্য প্রতারকদের দেখার সুযোগ তৈরি হয়।

 

এভাবে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য, পাসওয়ার্ড, ব্যক্তিগত বার্তা এবং ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) হাতিয়ে নেওয়ার চেষ্টা করে প্রতারকরা। পরবর্তী সময়ে এসব তথ্য ব্যবহার করে গ্রাহকের অজান্তে আর্থিক লেনদেন কিংবা অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নেওয়ার ঝুঁকি তৈরি হয়।

 

কিছু ক্ষেত্রে ক্ষতিকর সফটওয়্যার ব্যবহারের মাধ্যমেও ব্যবহারকারীর টাইপ করা তথ্য সংগ্রহের চেষ্টা করা হতে পারে। ফলে শুধু ব্যাংকিং তথ্যই নয়, সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টও নিরাপত্তাঝুঁকিতে পড়তে পারে।

 

যেভাবে প্রতারণার ফাঁদ তৈরি করা হয়

 

সাধারণত গ্রাহকদের আতঙ্কিত করে দ্রুত সিদ্ধান্ত নিতে বাধ্য করাই প্রতারকদের প্রধান কৌশল। ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে, টাকা হারিয়ে যেতে পারে কিংবা জরুরি নিরাপত্তা যাচাই প্রয়োজন—এমন নানা কথা বলে তারা বিশ্বাস অর্জনের চেষ্টা করে।

 

এরপর হোয়াটসঅ্যাপে ভিডিও কল অথবা স্ক্রিন শেয়ারিং চালু করতে বলে। একবার স্ক্রিন শেয়ারিং চালু হলে মোবাইলের বিভিন্ন কার্যক্রম প্রতারকদের নজরে আসতে পারে। বিশেষ করে ব্যবহারকারী ব্যাংকিং অ্যাপে প্রবেশ করলে বা ওটিপি লিখলে তা ঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে।

 

যেভাবে নিজের ব্যাংক অ্যাকাউন্ট নিরাপদ রাখবেন

 

১. ব্যাংকের কর্মকর্তা পরিচয়ে কেউ ফোন করলে তাঁর পরিচয় ব্যাংকের অফিসিয়াল নম্বরে যোগাযোগ করে নিশ্চিত হোন।

 

২. অপরিচিত ব্যক্তির অনুরোধে কখনো হোয়াটসঅ্যাপ স্ক্রিন শেয়ারিং চালু করবেন না।

 

৩. স্ক্রিন শেয়ারিং চালু থাকা অবস্থায় ব্যাংকিং অ্যাপ বা আর্থিক লেনদেনসংক্রান্ত কোনো কাজ করবেন না।

 

৪. অপরিচিত লিংকে ক্লিক করা কিংবা অজানা উৎস থেকে অ্যাপ ইনস্টল করা থেকে বিরত থাকুন।

 

৫. ওটিপি, পিন, পাসওয়ার্ড ও ব্যাংকিং সংক্রান্ত গোপন তথ্য কারও সঙ্গে শেয়ার করবেন না।

 

৬. কেউ জরুরি প্রয়োজনের কথা বলে দ্রুত সিদ্ধান্ত নিতে চাপ দিলে আগে বিষয়টি যাচাই করুন।

 

বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, ব্যাংক কখনো ফোন করে গ্রাহকের কাছে ওটিপি, পিন কিংবা গোপন পাসওয়ার্ড জানতে চায় না। তাই পরিচিত প্রতিষ্ঠান বা কর্মকর্তার পরিচয় দিলেও যাচাই ছাড়া কাউকে ব্যক্তিগত তথ্য দেওয়া উচিত নয়।

 

সাইবার প্রতারণা থেকে বাঁচতে প্রযুক্তির ব্যবহার সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। একটু অসতর্কতাই বড় ধরনের আর্থিক ক্ষতির কারণ হতে পারে।

 

সূত্র: গালফ নিউজ ও ইকোনমিক টাইমস।