বৈদ্যুতিক খুঁটি মেরামত, নতুন খুঁটি স্থাপন ও বিদ্যুৎ লাইনের সুইচিং রক্ষণাবেক্ষণ কাজের কারণে জামালপুরের কয়েকটি এলাকায় শনিবার (২১ নভেম্বর) নির্দিষ্ট সময় পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
শুক্রবার বিকেলে জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) সাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। সমিতির কারিগরি শাখার উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আবু তৈয়ব মো. জহুরুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩৩ কেভি ডাবল সার্কিট ফিডারের আওতায় বৈদ্যুতিক খুঁটি মেরামত ও নতুন খুঁটি স্থাপনের কাজ চলবে। এ কারণে জামালপুর সদর উপজেলার নান্দিনা অঞ্চল এবং মেলান্দহ উপজেলায় সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
অন্যদিকে, ট্রিপল সার্কিট ফিডারের সুইচিং রক্ষণাবেক্ষণ কাজের জন্য মাদারগঞ্জ উপজেলা ফিডারে সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির জিএম সাহিদুল ইসলাম জানান, নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ ও উন্নয়নকাজ সম্পন্ন করার লক্ষ্যেই এ সাময়িক বিদ্যুৎ বিচ্ছিন্ন রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময় গ্রাহকদের সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করে সবার সহযোগিতা কামনা করেছে কর্তৃপক্ষ।
তিনি আরও জানান, আবহাওয়াজনিত পরিস্থিতির কারণে নির্ধারিত কর্মসূচিতে কোনো পরিবর্তন এলে গ্রাহকদের আগেই অবহিত করা হবে।




