ছবি ভিডিও ভিডিও
রাজনীতি

চো’রা’গো’প্তা হা/ম/লা চালিয়ে কেউ কখনো ক্ষমতায় যেতে পারেনি: খায়রুল কবির

প্রকাশিত: শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ | ১১:৩১ অপরাহ্ণ
অনলাইন ডেস্ক
প্রতিবেদক: অনলাইন ডেস্ক

চোরাগোপ্তা হামলা, যানবাহনে অগ্নিসংযোগ কিংবা ককটেল বিস্ফোরণের মতো সহিংস কর্মকাণ্ডের মাধ্যমে অতীতে কোনো পক্ষই ক্ষমতায় যেতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন।

 

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে নরসিংদী জেলা বিএনপির কার্যালয়ে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

বক্তব্যে খায়রুল কবির খোকন অভিযোগ করেন, ক্ষমতা হারানোর পর আওয়ামী লীগ দেশের বিভিন্ন স্থানে নাশকতা ও সহিংস কর্মকাণ্ডের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। তিনি দাবি করেন, গোপালগঞ্জে বহিরাগত সন্ত্রাসীদের মাধ্যমে থানায় অগ্নিসংযোগ, দুই সংসদ সদস্যের বাসভবনে হামলা ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এছাড়া বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের বাড়িতেও অগ্নিসংযোগ করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

 

তিনি আরও বলেন, নড়াইলে দুইজন এবং ফরিদপুরে একজনসহ বিএনপির তিনজন নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন ও সহিংসতার মাধ্যমে সংশ্লিষ্টরা তাদের কর্মকাণ্ডের পরিচয় দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

 

সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলার প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, অতীতে গুম, খুন ও ক্রসফায়ারের মতো ঘটনা ঘটলেও বর্তমান সরকার এখন পর্যন্ত সংযমের পরিচয় দিয়ে আসছে। থানা লুট এবং হত্যাকাণ্ডের মতো ঘটনার পরও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্য ধরে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছে বলে দাবি করেন তিনি।

 

তবে এবার ধৈর্যের সীমা অতিক্রম করেছে উল্লেখ করে খায়রুল কবির খোকন বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে ‘এনাফ ইজ এনাফ’ বলে কঠোর অবস্থানের বার্তা দিয়েছেন। এখন থেকে আইন প্রয়োগকারী সংস্থা ও সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাস, নাশকতা এবং সহিংস কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 

দোয়া মাহফিলে জেলা বিএনপির সহ-সভাপতি হারুন অর রশিদ, অ্যাডভোকেট আব্দুল বাছেদ, একেএম গোলাম কামাল, দ্বীন মোহাম্মদ দিপু, ফারুক উদ্দিন ভূঁইয়া, খবিরুল ইসলাম বাবুল, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎ, জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।