ছবি ভিডিও ভিডিও
সারাদেশ

মাশরাফিকে গ্রেফতারের দাবি

প্রকাশিত: শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ | ১১:২৬ অপরাহ্ণ
অনলাইন ডেস্ক
প্রতিবেদক: অনলাইন ডেস্ক

নড়াইলে বিএনপির দুই নেতাকে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে দায়ী করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে মাশরাফিকে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন তিনি।

 

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন রাশেদ খাঁন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন অপতৎপরতার প্রতিবাদে ‘আমজনতার দল’ এ কর্মসূচির আয়োজন করে।

 

সমাবেশে রাশেদ খাঁন অভিযোগ করেন, নড়াইলে মাশরাফি বিন মর্তুজার নির্দেশনায় বিএনপির দুই নেতাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া এবং অভিযুক্ত মাশরাফিকে গ্রেফতারের আহ্বান জানান তিনি।

 

বক্তব্যে আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান নিয়েও সমালোচনা করেন রাশেদ খাঁন। তিনি বলেন, আওয়ামী লীগ এখন আর স্বাভাবিক রাজনৈতিক দলের পর্যায়ে নেই। দলটি রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে সহিংস কর্মকাণ্ডের পথ বেছে নিয়েছে বলে মন্তব্য করেন তিনি। এ পরিস্থিতিতে জামায়াতে ইসলামী, এনসিপিসহ দেশের অন্যান্য রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের কর্মকাণ্ড মোকাবিলার আহ্বান জানান।

 

এ সময় গোপালগঞ্জকে কয়েকটি জেলার মধ্যে ভাগ করে দেওয়ার বিষয়ে ওসমান হাদির দেওয়া ভবিষ্যদ্বাণীর প্রসঙ্গও তুলে ধরেন তিনি। রাশেদ খাঁনের ভাষ্য, দেশের বিভিন্ন স্থানের পাশাপাশি গোপালগঞ্জেও অগ্নিসন্ত্রাসের ঘটনা ঘটছে। এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো ধরনের শর্ত থাকা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।