ছবি ভিডিও ভিডিও
সারাদেশ

মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ | ১১:০৬ পূর্বাহ্ণ
👤
প্রতিবেদক: অনলাইন ডেস্ক

শোষিত, বঞ্চিত ও নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আজীবন নিবেদিত মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ।

 

১৯৭৬ সালের ১৭ নভেম্বর ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে (বর্তমানে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। পরে টাঙ্গাইলের সন্তোষে তাকে সমাহিত করা হয়।

 

দিবসটি উপলক্ষে ঢাকা ও টাঙ্গাইলের সন্তোষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাণী দিয়েছেন।

 

মওলানা ভাসানী ছিলেন উপমহাদেশের রাজনৈতিক ইতিহাসের এক প্রভাবশালী নেতা। ব্রিটিশবিরোধী আন্দোলন, আসামে লাইন প্রথা ও বঙ্গাল খেদা বিরোধী আন্দোলন, সিলেটকে পাকিস্তানের সঙ্গে যুক্ত করার আন্দোলন, পাকিস্তান আমলে শোষণ-বঞ্চনার বিরুদ্ধে সংগ্রাম এবং বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি।

 

স্বাধীনতার পরও একদলীয় বাকশাল ব্যবস্থা, ১৯৭৪ সালের দুর্ভিক্ষ, বিনাবিচারে হত্যাকাণ্ড ও আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন এই নেতা। সারাজীবন কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম করেছেন তিনি।

 

তার রাজনৈতিক দর্শনের মূল ভিত্তি ছিল মানুষের প্রকৃত মুক্তি। তার কাছে স্বাধীনতা শুধু রাষ্ট্রীয় সার্বভৌমত্বের বিষয় ছিল না, বরং অর্থনৈতিক ও সামাজিক মুক্তিও ছিল স্বাধীনতার অন্যতম লক্ষ্য।

 

মওলানা ভাসানী ১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা শরাফত আলী খান এবং মা মোসাম্মৎ মজিরন বিবি। তিনি ভারতের দেওবন্দে ইসলামী শিক্ষা গ্রহণ করেন।

 

১৯৪৯ সালে আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হলে তিনি দলটির প্রথম সভাপতি নির্বাচিত হন। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের পক্ষে দৃঢ় অবস্থান নেন। ওই সময় তিনি ভারতে অবস্থানকালে গৃহবন্দি ছিলেন। ১৯৭৩ সালে খাদ্যের দাবিতে অনশন কর্মসূচিও পালন করেন।

 

মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। বিএনপি এ উপলক্ষে জাতীয় কমিটিও গঠন করেছে।

 

অন্যদিকে, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ১১ নভেম্বর থেকে সাত দিনব্যাপী ভাসানী মেলা অনুষ্ঠিত হচ্ছে।

 

মজলুম জননেতা ভাসানীর সংগ্রামী জীবন, রাজনৈতিক দর্শন এবং শোষিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় তার অবদান আজও ইতিহাসে স্মরণীয় হয়ে রয়েছে।