যুক্তরাজ্যের লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠান শেষে আওয়ামী লীগ ও এনসিপির নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন বলে দাবি করেছে এনসিপি। এ সময় কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে।
সোমবার (১৬ নভেম্বর) স্থানীয় সময় সংবর্ধনা অনুষ্ঠান শেষে লন্ডনের ‘মে ফেয়ার’ হলের পেছনের সড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এনসিপির যুগ্ম সদস্যসচিব (আন্তর্জাতিক সম্পর্ক) আলাউদ্দীন মোহাম্মদ জানান, অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের ওপর হামলা চালানো হয়। এতে অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও আয়োজকদের বরাতে জানা যায়, অনুষ্ঠানে যোগ দিতে আসা অতিথিদের লক্ষ্য করে হলের বাইরে অবস্থানরত আওয়ামী লীগ সমর্থকেরা ডিম ও পানির বোতল নিক্ষেপ করেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অনুষ্ঠান শেষে হলের পেছনের সড়কে পাল্টাপাল্টি ধাওয়া ও হাতাহাতি শুরু হয়। প্রায় ২০ মিনিট ধরে সংঘর্ষ চলে। এ সময় সড়কে পার্ক করা কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লন্ডন পুলিশ কয়েক দফা লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় বলে জানা গেছে।
এনসিপির অভিযোগ, নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠান পণ্ড করতে বিক্ষোভকারীরা এ হামলা চালান। তবে অনুষ্ঠান শেষ হওয়ার পর অংশগ্রহণকারীরা বের হওয়ার সময় তাদের ওপর আক্রমণ করা হয়।
বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর ৬টার পর নিজের ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম বলেন, অনুষ্ঠানে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক উপস্থিত ছিলেন। তারা নিজেরাই হামলা ও সহিংসতার ঘটনা প্রত্যক্ষ করেছেন।
তিনি অভিযোগ করেন, জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বিদেশের মাটিতেও সহিংসতা ও ভীতি প্রদর্শনের মাধ্যমে ভিন্নমত দমনের চেষ্টা করছেন। তার মতে, এ ধরনের ঘটনা প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা, গণতান্ত্রিক পরিবেশ ও রাজনৈতিক স্বাধীনতার জন্য উদ্বেগজনক।
নাহিদ ইসলাম আরও বলেন, গণতন্ত্রের সুযোগ নিয়ে গণতন্ত্রবিরোধী সহিংসতা চালানোর অধিকার কারও নেই। যুক্তরাজ্যের মতো গণতান্ত্রিক দেশে মতপ্রকাশের স্বাধীনতা ও সমাবেশের অধিকারকে সহিংসতা কিংবা ভীতি প্রদর্শনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা গ্রহণযোগ্য নয়।
এ ঘটনায় দ্রুত, নিরপেক্ষ ও কার্যকর তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর যুক্তরাজ্য সফরকারী জুলাই গণ-অভ্যুত্থানের ছাত্রনেতাদের বিভিন্ন কর্মসূচিকে ঘিরে আওয়ামী লীগ সমর্থকদের বিক্ষোভের ঘটনা ঘটেছে। নাহিদ ইসলামের এবারের সফর ঘিরেও আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের নেতা-কর্মীদের বিক্ষোভের খবর পাওয়া গেছে।
এক সপ্তাহের সফরে বর্তমানে যুক্তরাজ্যে রয়েছেন নাহিদ ইসলাম। তার সফরসঙ্গী হিসেবে আছেন এনসিপির যুগ্ম সদস্যসচিব (আন্তর্জাতিক সম্পর্ক) আলাউদ্দীন মোহাম্মদ। আগামী ২১ নভেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।
সূত্র: যুগান্তর নিউজ



