মজুরি বোর্ড গঠন ও ন্যূনতম মজুরি ঘোষণার প্রাথমিক উদ্যোগের পরও তৈরি পোশাক খাতে থামছে না শ্রম-অস্থিতিশীলতা। মজুরি বাড়ানোর দাবিতে গাজীপুরের কালিয়াকৈর ও সাভারের আশুলিয়ায় শ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভের মুখে উদ্ভূত পরিস্থিতিতে উৎপাদন সচল রাখতে ব্যর্থ হওয়া শিল্পাঞ্চলের কারখানাগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে মালিকপক্ষ।
শনিবার বিজিএমইএ ও বিকেএমইএর যৌথ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। কারখানার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা বলে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হলেও, উদ্ভূত পরিস্থিতি এড়াতে কারখানাগুলো খোলা রাখার অনুরোধ জানিয়েছে সরকার।
অন্যদিকে ভারপ্রাপ্ত শ্রম সচিব আব্দুর রহিম খান বলেন, আমরা পোশাক কারখানা বন্ধ না রাখার অনুরোধ করেছি মালিকদের। সরকার শ্রমিকদের জন্য মজুরি নির্ধারনে বোর্ড গঠন করেছে। সেখানে মালিক-শ্রমিক ও সরকারের প্রতিনিধিদের আলোচনার ভিত্তিতে মজুরি নির্ধারণ করা হবে। মজুরি বোর্ড গঠনের পর শ্রমিকদের আন্দোলন কাম্য নয়, যোগ করেন তিনি।
রাজধানীর উত্তরায় গতকাল বিজিএমইএর প্রধান কার্যালয়ে পোশাকশিল্পের মালিকদের জরুরি যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে কারখানা বন্ধের সিদ্ধান্তের কথা জানান সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান বাবু। সভায় প্রায় ২০০ কারখানার মালিক অংশ নেন।মালিকদের দাবি, নিরাপত্তাহীন পরিবেশে কারখানা সচল রাখা সম্ভব নয়। অন্যদিকে শ্রমিকদের অভিযোগ ও ন্যায্য মজুরির দাবি বিবেচনায় নেওয়ার তাগিদ দিয়েছেন শ্রমিকনেতারা। বিশ্লেষকরা বলছেন, শ্রমিক ও মালিক-কোনো পক্ষই বর্তমান পরিস্থিতিতে সন্তুষ্ট নয়। শ্রমিকদের দাবি পূরণ ও সংলাপের মাধ্যমে স্থিতিশীলতা ফিরিয়ে আনা জরুরি। সব মিলিয়ে দেশের প্রধান রপ্তানি খাতটি এখন উৎপাদন, কর্মসংস্থান ও আন্তর্জাতিক বাজারে ভাবমূর্তি রক্ষার চ্যালেঞ্জে পড়েছে।
প্রসঙ্গত, শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী, শ্রম-অসন্তোষের কারণে উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হলে মালিকপক্ষ কারখানা বন্ধ ঘোষণা করতে পারে। এ ধারায় কারখানা বন্ধ থাকলে শ্রমিকরা মজুরি পান না। অর্থাৎ কার্যকর হয় ‘নো ওয়ার্ক, নো পে’ নীতি। ফলে উৎপাদন বন্ধের সিদ্ধান্তে শ্রমিকদের কর্মসংস্থানের পাশাপাশি তাঁদের দৈনন্দিন আয়ের ওপরও চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
বিজিএমইএ সভাপতি বলেন, আশুলিয়া, সাভার ও গাজীপুরের কিছু কারখানায় সাত থেকে ১২ দিন ধরে উৎপাদন ব্যাহত হচ্ছে। অধিকাংশ শ্রমিক কাজে যোগ দিতে আগ্রহী হলেও কিছু শ্রমিক বাইরের মহলের উসকানিতে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন বলে মালিকদের অভিযোগ। এতে অন্য শ্রমিকরাও কাজে যোগ দিতে বাধার মুখে পড়ছেন। এক কারখানার শ্রমিকদের অন্য কারখানায় গিয়ে কাজে বাধা দেওয়ার ঘটনাও ঘটছে বলে তিনি দাবি করেন।তিনি আরও বলেন, অস্থিরতায় আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পোশাকশিল্পের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে এবং জাতীয় অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে নিম্নতম মজুরি বোর্ডের কার্যক্রমও ব্যাহত হচ্ছে। সংকট মোকাবিলায় শ্রমিক সংগঠনগুলোর ভূমিকা যথেষ্ট কার্যকর হয়নি বলেও মন্তব্য করেন তিনি। কারখানার নিরাপত্তা নিশ্চিত না হলে মজুরি বোর্ডের আলোচনা নিয়েও প্রশ্ন তৈরি হচ্ছে।
অন্যদিকে বাংলাদেশ ন্যাশনাল ট্রেড ইউনিয়নের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. শামীম বলেন, শ্রমিকদের নামে কারা আন্দোলনে নামছে এবং কেন নামছে, তা খুঁজে বের করা জরুরি। শ্রমিকদের প্রকৃত দাবি ও আন্দোলনের পেছনের কারণ আলাদাভাবে চিহ্নিত করতে হবে।
সিপিডির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ বলেন, পোশাক খাতের বর্তমান পরিস্থিতিতে শ্রমিক ও মালিক-কোনো পক্ষই পুরোপুরি সন্তুষ্ট নয়। শ্রমিকরা মজুরি ও কর্মপরিবেশ নিয়ে অসন্তুষ্ট। অন্যদিকে মালিকরা জ্বালানি সংকট, বন্দর ব্যবস্থাপনা ও উৎপাদনশীলতা বাড়ানোর চ্যালেঞ্জ মোকাবিলা করছেন।
পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা করার দাবিতে গত অক্টোবর থেকে ঢাকা, গাজীপুর, সাভার ও আশুলিয়াসহ বিভিন্ন শিল্পাঞ্চলে আন্দোলন চলছে। শ্রমিকদের দাবি, বর্তমান মজুরিতে জীবনযাত্রার ব্যয় মেটানো কঠিন হয়ে পড়েছে। গত ১ নভেম্বর মজুরি বোর্ড গঠনের পরও আন্দোলন অব্যাহত রয়েছে।
এ পরিস্থিতিতে কারখানার নিরাপত্তা নিশ্চিত করা, শ্রমিকদের ন্যায্য মজুরি ও কর্মপরিবেশের দাবি বিবেচনা এবং মজুরি বোর্ডের কার্যক্রম দ্রুত শেষ করার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সংকট নিরসনে সরকার, মালিক ও শ্রমিক-তিন পক্ষের কার্যকর সংলাপই এখন বড় চ্যালেঞ্জ।
সরবরাহে উদ্বেগ, কমছে ক্রয়াদেশ : বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, অস্থিরতা অব্যাহত থাকলে ভারত, ভিয়েতনাম ও কম্বোডিয়ার মতো প্রতিযোগী দেশগুলো বাংলাদেশের বাজার দখলের সুযোগ পাবে। কয়েকটি আন্তর্জাতিক ব্র্যান্ডের প্রতিনিধিরা সরবরাহকারীদের সঙ্গে যোগাযোগ করে পরিস্থিতির সর্বশেষ অবস্থা জানতে চেয়েছেন। বড় একটি ইউরোপীয় ক্রেতা প্রতিষ্ঠানের প্রতিনিধি পরিস্থিতি মূল্যায়ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠকও করেছেন।কয়েকজন ক্রেতা প্রাথমিক প্রতিশ্রুতির তুলনায় ১০ থেকে ১৫ শতাংশ ক্রয়াদেশ কমিয়ে দিচ্ছেন বলে জানা গেছে। অন্যরা নিশ্চিত হতে চাইছেন- উৎপাদন ও সরবরাহে বিঘ্ন আর কত দিন চলতে পারে, সে বিষয়ে। বাংলাদেশের শীর্ষ পাঁচটি পোশাক ক্রেতা প্রতিষ্ঠানের মধ্যে একটি প্রতিষ্ঠানের প্রতিনিধি এক রপ্তানিকারকের কাছে জানতে চান, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে কি না এবং এ পরিস্থিতি মোকাবিলায় সরকার কী পদক্ষেপ নিচ্ছে।
গাজীপুর ও আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ ; টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, ৪৮ কারখানা বন্ধ : বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের কালিয়াকৈর ও সাভারের আশুলিয়ায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকরা। এতে ঢাকা-টাঙ্গাইল ও আশুলিয়ার বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল সাড়ে ৮টার দিকে কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকার কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে সকাল সাড়ে ৯টার দিকে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। খবর পেয়ে শিল্প পুলিশ, জেলা পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের সরিয়ে দেয়। প্রায় দেড় ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।অন্যদিকে আশুলিয়ার জিরাবো-বিশমাইল সড়কেও বিক্ষোভ ও অবরোধ করেন কয়েকটি কারখানার শ্রমিকরা। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে সকাল সাড়ে ১০টার দিকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এদিকে শ্রমিক অসন্তোষের কারণে সাভার ও আশুলিয়ার অন্তত ৪২টি পোশাক কারখানা বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী ১৩(১) ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আরও আটটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, শ্রমিক অসন্তোষের কারণে এসব কারখানা বন্ধ রাখা হয়েছে। তবে শিল্পাঞ্চলে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এদিকে মজুরি বোর্ড গঠনের পর শ্রমিকদের আন্দোলন স্থগিত করে কাজে ফেরার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান।



