ছবি ভিডিও ভিডিও
সারাদেশ

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল

প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ | ৪:১১ অপরাহ্ণ
👤
প্রতিবেদক: অনলাইন ডেস্ক

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের আগামী ১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচি সফল করতে গোপালগঞ্জে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল করা হয়েছে।

আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর এটিই প্রথম গোপালগঞ্জে প্রকাশ্য বিক্ষোভ মিছিল। এতে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।

 

রোববার (১৫ নভেম্বর) দুপুর ১২টায় শহরের আশপাশের বিভিন্ন ইউনিয়ন থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকরা লোগি বৈঠাসহ দেশীয় অস্ত্র নিয়ে শহরে প্রবেশ করে।

 

পরে তারা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে বিভিন্ন স্লোগানে শহর মুখরিত করে তোলে।

মিছিল কারীরা গোপালগঞ্জ সরকারি কলেজ গেটে সরকারি বঙ্গবন্ধু কলেজ নাম সম্বলিত ব্যানার টানিয়ে দেয়। পরে তারা মিছিল নিয়ে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ের তালা খুলে দেয়। এছাড়া মিছিল কারীরা গোপালগঞ্জ শহরের শেখ কামাল স্টেডিয়াম সংলগ্ন জুলাই স্মৃতি স্তম্ভ ভেঙে আগুন ধরিয়ে দেয়।

 

এছাড়া শহরের পৌরসভার সামনে বিএনপি’র ব্যানার ফেস্টুন ছিরে রাস্তায় জড়ো করে আগুন ধরিয়ে দেয়। এছাড়া লঞ্চঘাট, গোপালগঞ্জ সরকারি কলেজ, প্রেসক্লাব সহ বিভিন্ন স্থানে টায়ার, বাশ ও কাঠ জড়ো করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে।

 

রিপোর্ট লেখা পর্যন্ত দুপুর দেড়টায়ও বিক্ষোভকারীরা শহরের বিভিন্ন প্রান্তে তাদের বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রেখেছে। এই কর্মসূচিতে পুলিশের বাধা দেওয়ার কোনো ঘটনা ঘটেনি। পুলিশ সহ আইন-শৃঙ্খলার রক্ষা বাহিনীকে শহরের বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালন করতে দেখা গেছে।

 

বিক্ষোভ মিছিল চলাকালে শহরের লঞ্চঘাট এলাকায় ছাত্রলীগ নেতা রাজু খান ও সামসুল হক বক্তব্য রাখেন।