ছবি ভিডিও ভিডিও
জাতীয়

সুস্থ বাংলাদেশ গড়তে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা

প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ | ১১:২৭ পূর্বাহ্ণ
👤
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
একটি সুস্থ ও সবল জাতি গঠনের লক্ষ্যে চিকিৎসা ক্ষেত্রে নিরাময়মূলক ব্যবস্থার পাশাপাশি প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা বাড়ানোর ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস-প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। তিনি বলেছেন, টেকসই স্বাস্থ্য খাত গড়তে হলে বৈজ্ঞানিক গবেষণা, উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় এবং দেশের ওষুধশিল্পের মধ্যে একটি কার্যকর ও শক্তিশালী অংশীদারি গড়ে তোলার কোনো বিকল্প নেই।

গতকাল শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর গুলশানের একটি হোটেলে গবেষণা প্রতিষ্ঠান ‘ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভসের’ এক যুগপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ডা. জুবাইদা রহমান বলেন, স্বাস্থ্য খাতে বছরের পর বছর অবহেলার কারণে কিছু রোগপ্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ সেভাবে উৎসাহিত করা হয়নি। ফলে বর্তমানে বাংলাদেশের ৯০ হাজারেরও বেশি গ্রামের লাখ লাখ নারী এমন সব রোগে ভুগছেন, যা সহজেই প্রতিরোধ করা সম্ভব।

সরকারের এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, এসব কর্মীর ৮০ শতাংশই নারী। তারা সারা দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার বার্তা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার, আর সম্মানিত অতিথি হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস বক্তব্য দেন।

অনুষ্ঠানে আইডিইএসএইচআইয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান ডা. ফিরদৌসী কাদরী ‘বৈজ্ঞানিক গবেষণা প্রতিষ্ঠানের চ্যালেঞ্জ ও বাস্তবতা : আইডিইএসএইচআইয়ের প্রেক্ষাপট’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন।