মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে সিন্ডিকেট ও অতিরিক্ত অভিবাসন ব্যয় বন্ধ, রাশিয়ায় কর্মী পাঠানোর আগে ঝুঁকি যাচাই এবং ইউরোপে বৈধ ভিসাধারীদের BMET ছাড়পত্রের জটিলতা নিরসনসহ সাত দফা দাবি জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।
এক সংবাদ সম্মেলনে প্রবাসী কর্মীদের অধিকার ও নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সরকারের কাছে এসব দাবি তুলে ধরে দলটি। নেতারা বলেন, বিদেশে কর্মসংস্থানের সুযোগ নিতে গিয়ে অনেক কর্মী প্রতারণা, অতিরিক্ত অর্থ আদায়, বেতন না পাওয়া এবং নানা ধরনের হয়রানির শিকার হচ্ছেন। এসব সমস্যা সমাধানে সরকারের কার্যকর উদ্যোগ ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি।
সংবাদ সম্মেলনে এবি পার্টির পক্ষ থেকে উত্থাপিত সাত দফা দাবি হলো—
১. মালয়েশিয়াসহ সব আন্তর্জাতিক শ্রমবাজারে সিন্ডিকেট ও অতিরিক্ত অভিবাসন ব্যয় বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
২. বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে নিয়োগ ব্যয়ের পূর্ণাঙ্গ ও স্বচ্ছ হিসাব প্রকাশ করতে হবে। একই সঙ্গে কর্মীদের কাছ থেকে বেআইনিভাবে অর্থ আদায় বন্ধ করতে হবে।
৩. রাশিয়াসহ ঝুঁকিপূর্ণ শ্রমবাজারে কর্মী নিয়োগের আগে নিয়োগকর্তা, চাকরির চুক্তি এবং কাজের প্রকৃতি যথাযথভাবে যাচাইয়ের বিশেষ ব্যবস্থা গড়ে তুলতে হবে।
৪. ইউরোপের বিভিন্ন দেশে বৈধ চাকরি ও ভিসা পাওয়া কর্মীদের BMET ছাড়পত্র দ্রুত এবং স্বচ্ছ প্রক্রিয়ায় প্রদান করতে হবে।
৫. ইউরোপীয় ভিসার আবেদন ও বায়োমেট্রিক সেবা বাংলাদেশে সম্প্রসারণে প্রয়োজনীয় কূটনৈতিক উদ্যোগ নিতে হবে।
৬. বিদেশে প্রতারণা, বেতন না পাওয়া, পাসপোর্ট আটকে রাখা এবং মানবপাচারের শিকার কর্মীদের জন্য দ্রুত আইনি সহায়তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি তাদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে হবে।
৭. প্রবাসী কর্মীদের অভিযোগ গ্রহণ, পর্যবেক্ষণ ও নিষ্পত্তির জন্য একটি সমন্বিত, সহজলভ্য এবং কার্যকর ডিজিটাল ব্যবস্থা চালু করতে হবে।
এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. ওহাব মিনার সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, প্রবাসীদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করা কেবল অর্থনৈতিক স্বার্থের বিষয় নয়; এটি রাষ্ট্রের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব। নিরাপদ অভিবাসন, ন্যায়সংগত কর্মসংস্থান এবং প্রবাসীদের প্রতি রাষ্ট্রীয় জবাবদিহি প্রতিষ্ঠায় সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
সংবাদ সম্মেলনে এবি পার্টির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার আব্বাস ইসলাম খান নোমান, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান, সাংগঠনিক সম্পাদক (বরিশাল) গাজী নাসির, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক সফিউল বাশার, সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা) শাহজাহান বেপারী, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব বারকাজ নাসির আহমদ, প্রবাসী বিষয়ক সহ-সম্পাদক চৌধুরী মশিউল আযম সাকিব ও নুরুন্নবী নয়ন।
এ ছাড়া উপস্থিত ছিলেন নারী উন্নয়ন বিষয়ক সহ-সম্পাদক শাহিনুর আক্তার শিলা, সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদ, সহকারী দপ্তর সম্পাদক মশিউর রহমান মিলু, মোহসীনুল হক চৌধুরী, উদ্যোক্তা ও কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক সুমাইয়া শারমিন ফারহানা, বরিশাল মহানগরের সদস্য সচিব জি.এম. রাব্বি, রমনা থানার আহ্বায়ক আব্দুল কাদের মুন্সী এবং বরিশালের নেতা জাকির হোসেন।
সংবাদ সম্মেলনে নেতারা প্রবাসী কর্মীদের নিরাপত্তা, অধিকার ও মর্যাদা রক্ষায় উত্থাপিত দাবিগুলো দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।



