সেনেগালের রাজধানী ডাকারে অনুষ্ঠিত ২০২৬ সালের যুব অলিম্পিক গেমসে অংশ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বান্দরবানের সুনাম বাড়িয়েছেন তরুণ বক্সার নয়ন ত্রিপুরা। প্রতিযোগিতায় পঞ্চম স্থান অর্জনের কৃতিত্বের জন্য তাকে সম্মাননা স্মারক দিয়েছে বান্দরবান বক্সিং একাডেমি ও বান্দরবান হিল রানার্স কমিটি।
সোমবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে বান্দরবান শহরের চেয়ারম্যান পাড়ার ৪ নং ওয়ার্ডের নিয়ম মার্কেটে আয়োজিত এক অনুষ্ঠানে নয়ন ত্রিপুরার হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
আয়োজকেরা জানান, গত ৩১ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত সেনেগালের রাজধানী ডাকারে অনুষ্ঠিত হয় ২০২৬ সালের যুব অলিম্পিক গেমস। আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ২,৭০০ তরুণ ক্রীড়াবিদ অংশ নেন। এতে বাংলাদেশের চারজন ক্রীড়াবিদ অ্যাথলেটিকস, বক্সিং ও সাতার বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে বক্সিংয়ে নয়ন ত্রিপুরার বিশ্বে পঞ্চম স্থান অর্জন বিশেষভাবে প্রশংসিত হয়েছে।
সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবান বক্সিং একাডেমির চেয়ারম্যান মাহফুজুর রশিদ বাচ্চু, কোচ আবু বক্কর সিদ্দিক, বান্দরবান হিল রানার্স কমিটির সভাপতি শান্তনু দাশ, সহসভাপতি ক্য ক্য মারমা এবং সাধারণ সম্পাদক মো. আরিফসহ স্থানীয় ক্রীড়াপ্রেমী, সাংবাদিক ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করা তরুণ খেলোয়াড়দের যথাযথ সম্মাননা ও উৎসাহ দেওয়া প্রয়োজন। নয়ন ত্রিপুরার এই অর্জন শুধু বান্দরবানের জন্য নয়, দেশের ক্রীড়াঙ্গনের জন্যও গর্বের বিষয়। তার সাফল্য এলাকার নতুন প্রজন্মকে খেলাধুলায় আগ্রহী করে তুলবে এবং বক্সিংসহ বিভিন্ন খেলায় নতুন প্রতিভা বিকাশে অনুপ্রেরণা জোগাবে।
স্থানীয় ক্রীড়াসংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন, প্রশিক্ষণের সুযোগ পেলে নয়ন ত্রিপুরার মতো আরও অনেক তরুণ আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে দেশের সুনাম বয়ে আনতে পারবেন।



