নওগাঁর ধামইরহাট উপজেলার ১ নম্বর ধামইরহাট ইউনিয়ন পরিষদের প্রধান ফটকে আওয়ামী লীগের পোস্টার লাগানোর ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আলোচনা তৈরি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত ২২ নভেম্বর (রবিবার) রাতে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা পরিষদের মেইনগেটে পোস্টারটি লাগিয়ে যায় এবং সোমবার সকালে বিষয়টি নজরে আসে।
পোস্টারগুলোতে সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার ও ১ নম্বর ধামইরহাট ইউনিয়ন আওয়ামী লীগের ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক হালিমুজ্জামান আলালের ছবি রয়েছে, যেখানে “শেখ হাসিনা আসবে বাংলাদেশে হাসবে” স্লোগান লেখা আছে। ইউনিয়নের আরও কয়েকটি স্থানে এ ধরনের পোস্টার লাগানো হলেও কারা এগুলো লাগিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সোমবার (২৩ নভেম্বর ২০২৬) এ বিষয়ে স্থানীয় সাংবাদিকরা জানতে চাইলে ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল ইসলাম জানান, নওগাঁ জেলা পুলিশ সুপারের (এসপি) স্যারের অনুমতি ছাড়া তিনি কোনো মন্তব্য করতে পারবেন না।
তবে ঘটনাটি নিয়ে আলোচনা চললেও প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি




