বর্ণাঢ্য আয়োজন, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে দেশের জনপ্রিয় গণমাধ্যম এনপিবি নিউজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। প্রতিষ্ঠার এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলার বিশিষ্ট শিক্ষাবিদ, সাংবাদিক ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন। এ সময় এনপিবি নিউজের সংবাদ পরিবেশনা, গণমাধ্যমের ভূমিকা এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করেন অতিথিরা।
মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাব মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন এনপিবি নিউজের চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি সিফাত রানা। ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি জহুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিসহ বিভিন্ন পর্যায়ের আমন্ত্রিত ব্যক্তিরা বক্তব্য দেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক বিপ্লব কুমার মজুমদার, আদিনা ফজলুল হক কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ড. মাজহারুল ইসলাম তরু, চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রফিকুল আলম, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাংবাদিক ডাবলু কুমার ঘোষ এবং চাঁপাইনবাবগঞ্জ সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান।
বক্তারা তাদের বক্তব্যে দেশের গণমাধ্যম অঙ্গনে এনপিবি নিউজের অগ্রযাত্রার প্রশংসা করেন। প্রতিষ্ঠার প্রথম বছরেই সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমাধ্যমটি পাঠক ও দর্শকদের কাছে পরিচিতি অর্জন করেছে বলেও তারা উল্লেখ করেন।
তারা বলেন, একটি দায়িত্বশীল গণমাধ্যমের প্রধান কাজ হলো বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে মানুষের কথা তুলে ধরা এবং সমাজের নানা অসংগতি, সমস্যা ও সম্ভাবনা জনসমক্ষে প্রকাশ করা। এ ক্ষেত্রে এনপিবি নিউজকে আরও দায়িত্বশীল ও জনবান্ধব ভূমিকা পালন করতে হবে।
বক্তারা বিশেষভাবে চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন সমস্যা, সংকট, উন্নয়ন কর্মকাণ্ড ও সম্ভাবনাময় বিষয় নিয়ে নিয়মিত সংবাদ প্রকাশের আহ্বান জানান। জেলার সাধারণ মানুষের প্রত্যাশা, স্থানীয় উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগব্যবস্থা এবং জনদুর্ভোগের বিষয়গুলো গণমাধ্যমে গুরুত্ব পাওয়ার ওপরও জোর দেন তারা।
তাদের মতে, স্থানীয় পর্যায়ের সংবাদ জাতীয় পর্যায়ে তুলে ধরতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই সত্য ও নিরপেক্ষ তথ্যের ভিত্তিতে সংবাদ পরিবেশনের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি মানুষের কল্যাণে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন অতিথিরা।
আলোচনা সভা শেষে অতিথি ও সাংবাদিকদের উপস্থিতিতে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। আনন্দঘন পরিবেশে এনপিবি নিউজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
এ সময় আরও উপস্থিত ছিলেন একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি একেএস রোকন, চ্যানেল টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন, গ্রীন টিভির সাখাওয়াত জামিল দোলন, দৈনিক কালের কণ্ঠের মাল্টিমিডিয়া রিপোর্টার ফরহাদ হোসেনসহ চাঁপাইনবাবগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিক ও অতিথিরা এনপিবি নিউজের আগামী দিনের পথচলা আরও সমৃদ্ধ, গতিশীল ও সফল হোক—এমন প্রত্যাশা ব্যক্ত করেন।




