আন্তর্জাতিক ডেস্ক:
তুরস্কের পশ্চিমাঞ্চলে একটি ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। নিহত ও আহত ব্যক্তিরা সবাই কারখানাটির শ্রমিক বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। দুর্ঘটনার পর ঘটনাস্থলে উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে। ধ্বংসস্তূপের নিচে আরও শ্রমিক আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিম তুরস্কের গুরুত্বপূর্ণ বন্দরনগরী ইজমিরের কাছে আলিয়াগা এলাকায় অবস্থিত ‘হাবাস দেমির চেলিক’ নামের একটি ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠানের কারখানায় এ দুর্ঘটনা ঘটে। প্রতিষ্ঠানটি দেশটির অন্যতম শীর্ষ ইস্পাত উৎপাদনকারী কোম্পানি হিসেবে পরিচিত।
দুর্ঘটনার পর কারখানার ভেতরে ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থলের ভিডিও ও ছবিতে কারখানার ভেতর থেকে ঘন কালো ধোঁয়া আকাশের দিকে উঠতে দেখা যায়। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের এলাকাতেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
যেভাবে ঘটল ভয়াবহ বিস্ফোরণ
স্থানীয় কর্তৃপক্ষের প্রাথমিক তথ্য অনুযায়ী, দুপুরের দিকে কারখানায় একটি ক্রেনের সাহায্যে নতুন বয়লার স্থাপনের কাজ চলছিল। এ সময় বয়লারটি বসানোর সময় ক্রেনটি ভেঙে পড়ে। বয়লারের বিভিন্ন অংশ নিচে থাকা একটি চুল্লি বা ফার্নেসের ওপর গিয়ে পড়লে ভয়াবহ বিস্ফোরণ ঘটে।
কারখানা পরিচালনাকারী প্রতিষ্ঠান এক বিবৃতিতে জানিয়েছে, তাদের কারখানার একটি ‘ইলেকট্রিক আর্ক ফার্নেসে’ নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজ চলার সময় দুর্ঘটনাটি ঘটে। তবে বিস্ফোরণের প্রকৃত কারণ নিশ্চিত করতে তদন্ত চলছে।
নিহতের সংখ্যা বেড়ে ১৭
দুর্ঘটনার পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান প্রথমদিকে নিহতের সংখ্যা ১৬ জন বলে জানিয়েছিলেন। পরে দেশটির স্বাস্থ্যমন্ত্রী কামাল মেমিশোলু জানান, গুরুতর আহতদের মধ্যে আরও একজনের মৃত্যু হয়েছে। এতে মোট নিহতের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে।
এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২ জন। তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে, ইজমিরের গভর্নর সুলেমান এলবান জানিয়েছেন, বিস্ফোরণের পর কারখানার বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন শ্রমিক আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
বিস্ফোরণে কেঁপে ওঠে আশপাশের এলাকা
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে আশপাশের মাটি পর্যন্ত কেঁপে ওঠে। হঠাৎ বিকট শব্দ ও কম্পন অনুভূত হওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বিস্ফোরণের তীব্রতা দেখে তিনি প্রথমে ঘটনাটিকে ভূমিকম্প বলে মনে করেছিলেন।
এদিকে স্থানীয় গণমাধ্যমের বরাতে বিবিসি নিউজের তুর্কি বিভাগ জানিয়েছে, এ ঘটনায় অন্তত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাদের বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
শ্রমিকদের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ
‘টার্কিশ হেলথ অ্যান্ড সেফটি লেবার ওয়াচ’ নামের একটি স্বাধীন নাগরিক সংগঠন জানিয়েছে, তুরস্কে কর্মক্ষেত্রে দুর্ঘটনা দীর্ঘদিনের একটি সমস্যা। বিশেষ করে ভারী শিল্পকারখানায় শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ঝুঁকিপূর্ণ কাজের ক্ষেত্রে যথাযথ সুরক্ষাব্যবস্থা গ্রহণের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উল্লেখ্য, ইজমিরের আলিয়াগা জেলা তুরস্কের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প ও বন্দরাঞ্চল। এখানে জাহাজ ভাঙার শিল্পসহ বিভিন্ন ভারী শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠেছে। অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এ এলাকায় এমন ভয়াবহ দুর্ঘটনা শিল্পকারখানার নিরাপত্তাব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে।
দুর্ঘটনার প্রকৃত কারণ এবং কারখানার নিরাপত্তাব্যবস্থায় কোনো ধরনের অবহেলা ছিল কি না, তা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে বলে আশা করা হচ্ছে।



