চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর পৃথক ০২টি বিশেষ অভিযানে ০৯টি ভারতীয় সোলার প্যানেল ও ৫১ বোতল নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ করা হয়।
গত ১৩ নভেম্বর ২০২৬ তারিখ আনুমানিক বিকাল ৫ টা ৪৫ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধীনস্থ জহুরপুরটেক বিওপি’র একটি বিশেষ টহলদল গোপন তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন নারায়নপুর ইউনিয়নের নতুনপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে ০৯টি ভারতীয় সোলার প্যানেল জব্দ করে।
এছাড়াও, গত ০৮ নভেম্বর ২০২৬ তারিখ আনুমানিক রাত ১০ টা ৪০ মিনিটে মাসুদপুর বিওপি’র একটি বিশেষ টহল দল গোপন তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের চৌধুরীস্বরণী গ্রামে অভিযান পরিচালনা করে ৫১ বোতল ভারতীয় নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ করে। জব্দকৃত সোলার প্যানেল ও সিরাপের আনুমানিক বাজার মূল্য ১,৫৫,৪০০/- (এক লক্ষ পঞ্চান্ন হাজার চারশত) টাকা। জব্দকৃত সোলার প্যানেল চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং সিরাপগুলো ইতিমধ্যে শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাকিব আহমেদ, পিএসসি, এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সীমান্ত এলাকায় সর্বদা নিয়োজিত রয়েছে। ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, পুশ-ইন ও অবৈধ অনুপ্রবেশ, এবং মাদক চোরাচালান প্রতিরোধ করা সহ অন্যান্য অবৈধ চোরাচালান দমনে বিজিবি সর্বদা তৎপর রয়েছে এবং নিরলসভাবে কাজ করে যাচ্ছে ।




