ধর্মীয় শিক্ষার প্রসার ও দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে এগিয়ে এলেন ধামইরহাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোঃ রুহুল আমিন। নওগাঁর ধামইরহাট উপজেলার চৌঘাট-কাজল গ্রামে অবস্থিত তালিমুল কুরআন নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার পাঁচতলা ভবনের দ্বিতীয় তলার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন তিনি।
সকাল ১০টায় আয়োজিত এ অনুষ্ঠানে মাদ্রাসার মুহতামিম আবু সাঈদের পরিচালনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন এলাকার বর্তমান ইউপি সদস্য কামরুজ্জামান বাবুল, মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ ছমির উদ্দিন, কমিটির অন্যান্য সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি আলহাজ্ব মোঃ রুহুল আমিন মাদ্রাসার উন্নয়ন ও নির্মাণকাজ এগিয়ে নিতে তাৎক্ষণিকভাবে এক লাখ টাকা অনুদান প্রদান করেন।
এ ধরনের সহযোগিতায় মাদ্রাসার নির্মাণকাজ আরও এগিয়ে যাবে এবং এলাকার কোমলমতি শিক্ষার্থীরা সুন্দর পরিবেশে দ্বীনি শিক্ষা গ্রহণের সুযোগ পাবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
ধর্মীয় শিক্ষার প্রসারে সমাজের বিত্তবান ও সচেতন ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান আয়োজকরা।



