ছবি ভিডিও ভিডিও
সারাদেশ

জাতীয় সমবায় পুরস্কার-২০২৫ পেল চাঁপাইনবাবগঞ্জের ‘অগ্রণী সেচ প্রকল্প পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি’

প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর ২০২৬ | ৮:১৭ অপরাহ্ণ
ইমাম হাসান জুয়েল
প্রতিবেদক: ইমাম হাসান জুয়েলচাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিমোবাইল: ০১৭৬৮৯৭৭৪২৮

সমবায়ের মাধ্যমে দেশের আর্থ-সামাজিক উন্নয়ন এবং গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় জাতীয় সমবায় পুরস্কার-২০২৫ অর্জন করেছে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ‘অগ্রণী সেচ প্রকল্প পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ’। কৃষিভিত্তিক ও সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় ক্যাটাগরিতে শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে এ পুরস্কার অর্জন করে প্রতিষ্ঠানটি। গত ৮ নভেম্বর জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সমিতির সভাপতি মো. মাহফুজুর রহমান ও সাধারণ সম্পাদক মো. আসলাম হোসেন পুরস্কার গ্রহণ করেন। এদিকে জাতীয় পর্যায়ে এ গৌরবজনক অর্জনের পর বুধবার (১১ নভেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সমিতির নেতারা। এ সময় তাঁকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান সমিতির পক্ষ থেকে। সৌজন্য সাক্ষাৎকালে জেলা প্রশাসক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী সদস্যদের অভিনন্দন জানান। একই সঙ্গে সমিতির দীর্ঘদিনের কার্যক্রম ও কৃষি উন্নয়নে অবদানের প্রশংসা করেন। তিনি সমিতির কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার আহ্বান জানান। এ সময় সমিতির সভাপতি মো. মাহফুজুর রহমান জেলা প্রশাসককে সমিতির কার্যক্রম সরেজমিনে পরিদর্শনের আমন্ত্রণ জানান। উল্লেখ্য, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের উদ্যোগে কৃষিভিত্তিক ও সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় ক্যাটাগরিতে সমিতিটিকে এ জাতীয় স্বীকৃতি দেওয়া হয়েছে। দেশের সমবায় খাতের উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতিতে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা সমবায় কর্মকর্তা মো. মোখলেছুর রহমান, সমিতির সহসভাপতি মো. তোফাজ্জল হোসেন, কোষাধ্যক্ষ মো. আব্দুল জব্বার, মো. ওমর ফারুক, মো. তাজেমুল হক, মো. রুবেল রানা, মো. গোলাম মোস্তফা রিপন ও মো. মুনজুর হোসেনসহ সমিতির অন্যান্য সদস্য। জাতীয় পর্যায়ে এ অর্জনে চাঁপাইনবাবগঞ্জের সমবায় অঙ্গনে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। স্থানীয় সমবায়ীরা সমিতির এ সাফল্যে অভিনন্দন জানিয়েছেন।