ছবি ভিডিও ভিডিও
সারাদেশ

শিবগঞ্জ সীমান্তে ৫০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর ২০২৬ | ১:৫৪ অপরাহ্ণ
👤
প্রতিবেদক: ইমাম হাসান জুয়েলচাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিমোবাইল: ০১৭৬৮৯৭৭৪২৮

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৫০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১১ নভেম্বর) মধ্যরাতে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) পরিচালিত বিশেষ অভিযানে এসব সিরাপ উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মহানন্দা ব্যাটালিয়নের তেলকুপি বিওপির একটি বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ১৮০/২-এস থেকে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি গ্রামে ঈদগাহ সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে মালিকবিহীন অবস্থায় ৫০ বোতল ভারতীয় নেশাজাতীয় ‘কুফ রিলিফ’ (Kuf Relief) সিরাপ জব্দ করতে সক্ষম হয় টহলদল। উদ্ধার করা সিরাপগুলো ফেনসিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত হয় বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করছে। সীমান্ত দিয়ে মাদকসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।