ছবি ভিডিও ভিডিও
সারাদেশ

ধাইনগর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর ২০২৬ | ১:০৬ অপরাহ্ণ
মোঃ আব্দুর রহিম
প্রতিবেদক: মোঃ আব্দুর রহিমউপজেলা প্রতিনিধিমোবাইল: ০১৭২১৯৩১৬৩৩

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ১৪ নম্বর ধাইনগর ইউনিয়নে বাংলাদেশ সরকারের ফ্যামিলি কার্ড কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মধ্যমচরি-মির্জাপুর এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা, ধাইনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম সফেদ, সাধারণ সম্পাদক প্রিন্স মাহমুদ মিয়া এবং ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী সাদিকুল ইসলাম। এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে বক্তারা ফ্যামিলি কার্ড কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য দায়িত্বপ্রাপ্ত তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের সততা, নিষ্ঠা, নিরপেক্ষতা এবং স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

 

তারা বলেন, ধাইনগর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের প্রতিটি পরিবারের কাছে এই কার্যক্রমের তথ্য পৌঁছে দিতে হবে। বিশেষ করে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মা-বোনেরা যেন তথ্য সংগ্রহের সময় কোনোভাবেই বাদ না পড়েন, সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। প্রকৃত যোগ্য পরিবারগুলোকে চিহ্নিত করে সঠিক তথ্যের ভিত্তিতে তালিকা প্রস্তুত করার ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা।

 

ধাইনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক প্রিন্স মাহমুদ মিয়া বলেন, ইউনিয়নের প্রতিটি ঘরে ঘরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য পৌঁছে দিতে হবে। কোনো মা-বোন কিংবা পরিবার যেন এই কার্যক্রমের বাইরে থেকে না যায়, তা নিশ্চিত করতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের নিরপেক্ষ ও স্বচ্ছভাবে দায়িত্ব পালন করতে হবে।

 

তিনি আরও বলেন, সরকারের এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়নে সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। কোনো ধরনের পক্ষপাতিত্ব বা অনিয়মের সুযোগ না রেখে প্রকৃত যোগ্য পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়াই হওয়া উচিত সবার প্রধান লক্ষ্য।

 

অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে ধাইনগর ইউনিয়নের প্রতিটি যোগ্য পরিবারকে ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় আনা সম্ভব হবে। এ জন্য তথ্য সংগ্রহ থেকে শুরু করে পরবর্তী প্রতিটি ধাপে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

 

সংশ্লিষ্টদের প্রত্যাশা, সঠিক তথ্য যাচাই ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে ইউনিয়নের কোনো যোগ্য পরিবার বাদ পড়বে না এবং সরকারের এ কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়িত হবে।